ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রাজধানীর মহাখালীর একটি বস্তিতে বোমা বিস্ফোরণে ৪ জন আহত হয়েছে।
পুলিশ বলছে, বোমা তৈরির সময় অসতর্কতার কারণে এ বিস্ফোরণ ঘটে।
মহাখালীর বেলতলি বস্তিতে বুধবার সন্ধ্যা ৬টার দিকে একটি ঘরে বসে বোমা বানাচ্ছিল কয়েকজন। বিস্ফোরণে একজন গুরুতর আহত হয়েছে। সামান্য আহত তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার নুরুজ্জামান (২৫), নীল মিয়া (২৫) এবং সুমন (২৩) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। গুরুতর আহত আলী আকবর মৃধা ওরফে মিলন (৩৫) পুলিশ প্রহরায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিস্ফোরণে তার ডান হাতের কব্জি উড়ে গেছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রেজাউল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সন্ধ্যা ৬ টার দিকে মহাখালীর টিঅ্যান্ডটি অফিস সংলগ্ন বেলতলী বস্তির একটি ঘরে কয়েক সন্ত্রাসী বোমা বানাচ্ছিল। বোমাবাজদের অসর্তকতায় হঠাৎ একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে আলী আকবর ওরফে মিলনের ডান হাতের কব্জি উড়ে যায়। ঝলসে যায় মুখমন্ডল। অপর ৩ জন সামান্য আহত হয়।
তিনি বলেন, বোমা বিস্ফোরণে পুরো বস্তি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোমাবাজরা দৌড়ে পালানোর সময় স্থানীয় লোকজন ওই চার জনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। গুলশান থানা পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তবে হাসপাতালে চিকিৎসাধীন আলী আকবর মিলন বোমা তৈরির অভিযোগ অস্বীকার করেছে। মিলন জানায়, সে একজন প্রাইভেট কারচালক। ওই বস্তির ভেতর দিয়ে যাওয়ার সময় কে বা কারা তার ওপর বোমা নিক্ষেপ করে। সে সাভারের গেণ্ডায় থাকে। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসআইটি/টিআর/২৩২৩ঘ.
bdnews24