ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'সিটিজেনশিপ আমেন্ডমেন্ট অ্যাক্ট-২০০৯' মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে।
এর ফলে কোনো বাংলাদেশি নারী কোনো বিদেশি পুরুষকে বিয়ে করলে তাদের সন্তান বাংলাদেশের নাগরিক হবে। এর আগে কোনো বাংলাদেশি নারী বিদেশি পুরুষকে বিয়ে করলে তাদের সন্তান বাংলাদেশের নাগরিক হতে পারতো না।
সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে প্রস্তাবিত বরিশাল মহানগর পুলিশ আইন, সিলেট মহানগর পুলিশ আইন অনুমোদন এবং বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত কাউন্সেলর কনভেনশনে সম্মতিও দেওয়া হয়েছে।
তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের একথা জানান।
'সিটিজেনশিপ আমেন্ডমেন্ট অ্যাক্ট-২০০৯' সম্পর্কে তথ্য সচিব বলেন, "১৯৫১ সালের আইনে ৫ ধারা সংশোধন করা হয়েছে। এতে বলা হয়েছে- মা বাংলাদেশি হলে বিদেশি বিয়ে করলে সন্তান বাংলাদেশের নাগরিক হবে না। বাবা বাংলাদেশের নাগরিক হলে সন্তান বাংলাদেশের নাগরিক হবে। এই ধারাটি সংশোধন হয়েছে।"
তিনি বলেন, "সংশোধনীর ফলে মা বাংলাদেশি হলে বিদেশি বিয়ে করলে সন্তান বাংলাদেশের নাগরিক হবে।"
আবুল কালাম আজাদ জানান, সিটিজেনশিপ আমেন্ডমেন্ট অ্যাক্ট-২০০৯, প্রস্তাবিত বরিশাল মহানগর পুলিশ আইন এবং প্রস্তাবিত সিলেট মহানগর পুলিশ আইন নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন ২৫ জানুয়ারি উত্থাপিত হয়েছিল।
এছাড়া বৈঠকে প্রস্তাবিত এসিড নিয়ন্ত্রণ সংশোধন আইনটি উত্থাপিত হয়। এই আইনটিকে সংশ্লিষ্ট আইনগুলোর সঙ্গে চুলচেরা বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী বৈঠকে উপস্থাপন করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/জিএনএ/১৪২৮ ঘ.
bdnews24