২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনার চরদখলের সংঘর্ষে দু'টি মামলা, আসামি ৩৪১

জেলার ঈশ্বরদীর ডিগ্রীর চরে চরদখল নিয়ে ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনায় পৃথক দু'টি মামলা হয়েছে। এতে মোট ৩৪১ জনকে আসামি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2009, 06:04 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

পাবনা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোট ডটকম)- জেলার ঈশ্বরদীর ডিগ্রীর চরে চরদখল নিয়ে ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনায় পৃথক দু'টি মামলা হয়েছে। এতে মোট ৩৪১ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঈশ্বরদী থানায় এ দু'টি মামলা করা হয়। আসামিদের মধ্যে ১৫ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তারা হলো মিনারুল ইসলাম, আলম, জলিল উদ্দিন, জাহাঙ্গীর, কাবুল, রজব আলী, রিপন, আলাউদ্দিন, জুয়েল, সাজিদুল, শহীদুল, মতিন মিয়া, আব্দুল বাতেন, সিরাজুল ও তফেল প্রামাণিক। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লেনিন আলমগীর জানান, আওয়ামী লীগ নেতা আনিস মোল্লার পক্ষে একটি মামলা করেন কামালপুর গ্রামের নাজির হোসেন। মামলায় ১ শ' ৬০ জনকে আসমি করা হয়। তাদের মধ্যে ৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাবনা-৪ আসনের সাংসদ শামসুর রহমান শরীফ ডিলুর ভাই আনিসুর রহমান শরীফের পক্ষে অপর মামলাটি করেন আব্দুস সাত্তার। এতে মোট ১ শ' ৮১ জনকে আসামি করা হয়। এর মধ্যে ৬১ জনের নাম উল্লেখ করা হয়েছে। রাজশাহী বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াবয়দুল হক, পাবনার পুলিশ সুপার জামিল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার নিহতদের ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে পাঠানো হয়েছে। ঈশ্বরদীর চরকামালপুরে চর দখলকে কেন্দ্র করে সোমবার দুপুরে আওয়ামী লীগের দু'গ্র"পের সংঘর্ষে পাঁচজন নিহত এবং অন্তত ২০ আহত হন। মঙ্গলবার আহতদের মধ্যে আরও দু'জন মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২৩১৪ ঘ.