বাগেরহাট, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম) - মুক্তিযুদ্ধের সময় বাড়ি থেকে ধরে নিয়ে ভাইকে জবাই করে হত্যার অভিযোগে বুধবার বাগেরহাটে একটি মামলা হয়েছে।
এর আগে রোববার মুক্তিযুদ্ধের সময় বাবা, বড় ভাই ও ফুফাতো ভাইকে হত্যার অভিযোগে জেলার রামপাল উপজেলার কুমলাই গ্রামের আব্দুল হাশেম শেখ বিচার বিভাগীয় হাকিম আদালতে একটি মামলা করেন।
এ নিয়ে বাগেরহাটে যুদ্ধাপরাধের চারটি মামলা হল।
বাগেরহাট মূখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে বুধবার দণ্ড বিধির ৩০২ ও ৩৪ ধারায় মামলাটি দায়ের করেন সদর উপজেলার বেসরগাঁতি গ্রামের আব্দুর রহমান কাজী।
হাকিম গাজী আব্দুর রহমান মামলাটি আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলায় আসামি করা হয়েছে- বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের শেখ সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মাস্টার (৬০), একই উপজেলার গোটাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাশারাত হালদার (৫৫), একই গ্রামের নবীর হালদার (৫৮), দেপাড়া গ্রামের মোশারেফ হালদার (৫৭) ও তার ভাই খেলাফত হালদার (৫৪) এবং কান্দাপাড়া গ্রামের লিলি শেখ (৫৪)।
মামলার এজাহারে বলা হয়, সিরাজ মাস্টারের নেতৃত্বে আসামিরা ১৯৭১ সালের ১৮ জুন সকাল ১০টার দিকে রাইফেল, বন্দুক ও রাম দা নিয়ে বাদীর বাড়িতে প্রবেশ করে। তারা বাদীর বড় ভাই কাজী আকবর আলীকে ধরে হাত পা বেধে বেদম প্রহার করে এবং নিকটবর্তী কান্দাপাড়া বাজারে নিয়ে আসে। সেখানে রাস্তার পাশে অন্য আসামিদের সহযোগিতায় সিরাজ মাস্টার জবাই করে হত্যা করেন আকবর আলীকে।
হত্যার পর আকবর আলীর পেট ফেড়ে নাড়ীভুড়ি বের করে লাশ পাশের ড্রেনে ফেলে যায় তারা। একই সময় সিরাজ মাস্টার ও তার সহযোগিরা মঞ্জুর মোল্লা নামে একই গ্রামের অপর এক মুক্তিযোদ্ধাকেও জবাই করে ফেলে রেখে যায়। কিন্তু তিনি প্রাণে বেঁচে যান।
বর্তমানে পরিস্থিতি অনুকূল মনে করে ভাই হত্যার সুবিচার পাওয়ার আশায় বিলম্ব হলেও তিনি মামলাটি দায়ের করেছেন বলে আর্জিতে উল্লেখ করেছেন আব্দুর রহমান।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, মামলা ও আদালতের আদেশের কাগজ এখনও থানায় এসে পৌছায়নি। পৌছালে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মামলা হওয়ার ব্যাপারে বাগেরহাটের জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার আসাদুল হক বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় মানুষ হত্যা ছিল সিরাজ মাস্টারের নেশা। তখন অসংখ্য মানুষকে জবাই করে হত্যা করায় 'কসাই' খ্যাত সিরাজ মাস্টার স্বাধীনতার পর আরও অনেক রাজাকারের সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন। পরে অবশ্য তিনি কারাগার থেকে মুক্তি পান।
এর আগে মোরেলগঞ্জ ও শরণখোলা থানায় মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার স্বপক্ষের লোকদের হত্যার অভিযোগে আরও দুটি মামলা হয়েছে।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০২৩
bdnews24