মৌলভীবাজার, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম) - রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ১৪ রাইফেলস ব্যাটালিয়নের ৫৩ সদস্য নিখোঁজ রয়েছেন। রাইফেলস সপ্তাহ উপলক্ষে তারা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে পিলখানার সদর দপ্তরে এসেছিলেন।
শনিবার সকালে ব্যাটালিয়নের পরিচালক শেখ মুজিবুর রহমান তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
মুজিবুর রহমান বলেন, "১৪ রাইফেলস ব্যাটালিয়নের অস্ত্রাগারসহ সার্বিক দায়িত্ব এখন পুলিশের হাতে।"
শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম, পুলিশ সুপার ব্যারিস্টার এম জিল্লুর রহমানসহ প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বিডিআরের কাছ থেকে অস্ত্রাগারের নিয়ন্ত্রণ বুঝে নেন।
অস্ত্র জমা শেষ হলে জেলা প্রশাসক ও পুলিশ সুপার অস্ত্রাগার সিলগালা করে দেন।
গত বুধবার সকালে বিডিআর সদর দপ্তরে দরবার চলাকালে জওয়ানরা বিদ্রোহ করে। পরদিন দেশের বিভিন্ন ব্যাটালিয়নে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। ওই দিন পিলখানার বিডিআর সদর দপ্তরে জওয়ানরা অস্ত্র সমর্পণ করে ব্যারাকে ফিরে গেলে রক্তক্ষয়ী এ বিদ্রোহের অবসান ঘটে। শুক্রবার দেশের বিভিন্ন ব্যাটালিয়নের নিয়ন্ত্রণ নেয় প্রশাসন।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮০৭ ঘ.
bdnews24