ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম)- পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের আলামত নষ্ট না করার নির্দেশ দিয়েছেন ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
তদন্ত কমিটির সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে মন্ত্রী পুলিশ কমিশনারকে এ নির্দেশ দেন। এ সময় নিহত বিডিআর প্রধানের গুলিবিদ্ধ ঝাঁঝরা গাড়িটিকে অরক্ষিত অবস্থায় দেখা যায়।
এর আগে শনিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কার্যালয়ে কমিটির প্রথম সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, কমিটি তদন্ত কাজ শুরু করেছে। বৈঠক শেষে তিনি কমিটির ৬ সদস্য নিয়ে পিলখানায় যান।
ঘটনাস্থল পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, "আমার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে তদন্ত করার জন্যে। আজ বারোটায় বসেছিলাম। সভা শেষে প্রথমে দরবার হলে গিয়েছি, ডিজি সাহেবের বাসার অবস্থা দেখেছি। পরবর্তীতে গণকবর দেখলাম যেখানে ৩৮টি লাশ পাওয়া গেছে, আজ আরও তিনটি গণকবর থেকে ১০টি লাশ পাওয়া গেছে।"
তিনি সাংবাদিকদের বলেন, "আমরা দ্রুত কাজ করার চেষ্টা করছি। আশা করছি, নির্ধারিত সাত দিন সময়ের মধ্যে তদন্ত কাজ শেষ করতে পারব। কাল আবারও বৈঠকে বসব।"
কমিটির অন্য সদস্যরা হলেন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম, আইন সচিব কাজী হাবিবুল আউয়াল, বিডিআর এর নতুন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মইনুল হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব এহসানুল হক, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক বাহারুল আলম, সশস্ত্র বাহিনী বিভাগের কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসের ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (রাজনৈতিক) নুরুন্নবী তালুকদার।
শুক্রবার ১০ সদস্যদের এই তদন্ত কমিটি গঠন করা হয়।
বিডিনিউজ ২৪ ডটকম/এমকে/এমএইচসি/এল এইচ/জিএনএ/১৫৩০ ঘ.
bdnews24