পাবনা, ২৭ ফেব্রুয়ারি (বিডিনিউজ ২৪ ডটকম) - টেন্ডার নিয়ে বিরোধের জের ধরে পাবনা জেলা আ. লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু ইসহাক শামীমের ব্যবসা প্রতিষ্ঠানে শুক্রবার রাতে হামলা-ভাঙচুর হয়েছে।
এদিকে জেলার আটঘরিয়া উপজেলার মাঝপাড়া ইউনিয়নে আ. লীগের দু'গ্র"পের মধ্যে উত্তেজেনার কারণে বিকেলে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল শফি বিডিনিউজ ২৪ ডটকমকে জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দু'টি টেন্ডার নিয়ে গত তিনদিন ধরে আ. লীগের দু'টি পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এর জের ধরে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শামীমের প্যারাডাইস মিষ্টান্ন ভাণ্ডারে ভাঙচুর হয়।
তিনি জানান, একপক্ষের নেতৃত্বে আছেন জেলা যুবলীগ সাধারণ সম্পাদক রকিব হাসান টিপু। আরেক পক্ষে রয়েছে জেলা আ. লীগের প্রচার সম্পাদক কামিল আহমেদ ও আব্দুল বারী বাকির সমর্থকরা।
এখন পরিস্থিতি শান্ত। মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, উপজেলা কমিটির সভা আহ্বান নিয়ে মাঝপাড়া ইউনিয়ন আ. লীগের দু'টি গ্র"পের মধ্যে উত্তেজনা দেখা দিলে শুক্রবার বিকেলে প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০০১২ ঘ.
bdnews24