চাঁদপুর, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম) - ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন রোধে চাঁদপুরের মেঘনা নদীতে মার্চ ও এপ্রিল মাসে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনার একশ' কিলোমিটার এলাকায় মাছ ধরা যাবে না। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ ধরলে বা জাল ফেললে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বিডিনিউজ ২৪ ডটকমকে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান।
মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, "প্রতিবছর নভেম্বর থেকে মে পর্যন্ত জাটকার মৌসুম নির্ধারণ করে জাটকা ধরা নিষিদ্ধ করা হয়। ওই সময় জাটকা ছাড়া নদীতে সব ধরনের মাছ ধরতেন জেলেরা। কিন্তু ২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল দু'মাসের জন্য চাঁদপুরের নদীসীমাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে জাটকা রক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। এ দু'মাস নির্দিষ্ট নদীসীমায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়।"
তিনি জানান, কেউ মাছ ধরলে বা জাল ফেললে সর্বোচ্চ ছয়মাসের কারাদণ্ড অথবা এক হাজার টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। একই ব্যক্তি দ্বিতীয়বার নিষেধাজ্ঞা অমান্য করলে এক বছর কারাদণ্ড অথবা দুই হাজার টাকা অর্থদণ্ড ভোগ করতে হবে।
জাটকা রক্ষা কর্মসূচির আওতায় জেলেদের আর্থিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা রয়েছে। ২০০৬ সাল থেকেই জেলেদের চাল এবং বিকল্প কর্মসংস্থানের জন্য নগদ অর্থ দিয়ে আসছে সরকার।
কর্মসূচির আওতায় মার্চ, এপ্রিল, মে ও জুন-এ চার মাস জেলার ২২ হাজার ৯শ' জেলেকে মাসে একবার করে চার মাসে ৪০ কেজি চাল দেওয়া হবে। বেসরকারি সংস্থা (এনজিও) সেন্টার ফর নেচারাল রিসোর্স স্টাডি-সিএনআরএস এর মাধ্যমে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে এক হাজার ১৪৪ জেলেকে। এর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ২৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।
সিএনআরএস-এর চাঁদপুর ফিল্ড কো-অর্ডিনেটর গোলাম কিবরিয়া বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, মাছ ধরার ওপর আরোপিত নিষেধাজ্ঞা যাতে কার্যকর হয় সেজন্য জেলেদের চার মাস সহায়তা দেওয়া হচ্ছে। এক হাজার ১৪৪টি জেলে পরিবারের জন্য সিএনআরএস এবং জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে। এর আওতায় ভ্যান, রিক্সা কেনা, মুদি দোকান দেওয়া, শাক-সবজির চাষ, কুটির শিল্পের কাজ করাসহ বিভিন্ন কাজের জন্য জনপ্রতি ৮ থেকে ১২ হাজার টাকা করে দেওয়া হবে।
তিনি জানান, জাটকা রক্ষা কর্মসূচির আওতায় শনিবার চাঁদপুর সদর উপজেলার এক হাজার ৬৮টি এবং সাখুয়া এলাকার এক হাজার ৫২০টি জেলেকে জনপ্রতি ১০ কেজি করে চাল দেওয়া হয়।
চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় বসবাসকারী জেলে ছিদ্দিক মাল, হাসান রাঢ়ী, সেকান্দর আকন্দ, জলিল কাজী ও নূরুল ইসলামসহ বেশ ক'জন জেলে বিডিনিউজ ২৪ ডটকমকে জানান, অল্প পরিমাণ চাল দিয়ে পরিবার-পরিজন নিয়ে চলতে খুব কষ্ট হয় তাদের।
তারা দাবি করেন, সিএনআরএস-এর মাধ্যমে নগদ অর্থ সহায়তা দেওয়া হলেও অধিকাংশ জেলে এ সহায়তা পায় না। তারা সব জেলেকে নগদ অর্থ দেওয়ার দাবি জানান। যাতে ওই অর্থ দিয়ে জেলেরা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন।
চাঁদপুর কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম মল্লিক সব জেলেকে নগদ অর্থ সহায়তা দিয়ে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৪ ঘ.
bdnews24