ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম)- রাজধানীর যাত্রাবাড়িতে শনিবার সকালে চার বছরের শিশুসহ একই পরিবারের তিন জনকে হত্যা করা হয়েছে।
নিহতরা হচ্ছেন শাহনাজ আক্তার নাজমা (৪০), তার দুই মেয়ে উর্মি (১৫) ও রুমি (৪)।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মো. সেলিম জানান, ওই বাসার গৃহকর্মী রেনু বেগম জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি বাথরুমে কাপড় ভিজিয়ে রেখে অন্য বাড়িতে কাজে যাওয়ার সময় নাজমার ভাই মাসুদকে তার দুই বন্ধু নিয়ে বাসায় ঢুকতে দেখেন। প্রায় তিন ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে কাপড় ধুতে ওই বাসায় ফিরে গেলে গৃহকর্ত্রী ও তার দুই মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে তিনি চিৎকার দেন।
পরে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়।
তিনজনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক শাহীনউদ্দীন প্রাথমিকভাবে ধারণা করছেন।
নিহতের স্বামী আব্দুর রশীদ তার শ্যালক মাসুদসহ অজ্ঞাত দুই জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
রশীদ তার পরিবার নিয়ে ২৫৩, দক্ষিণ যাত্রাবাড়ীতে কাইয়ুম মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
বিডিনিউজ ২৪ ডটকম/জিএমএ/এএল/টিআর/এসকে/২১০৭ঘ.
bdnews24