২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা সংসদ 'দখল' নিয়ে দুই নেতা মুখোমুখি

দুর্নীতি ও বিগত জোট সরকারকে প্রতিষ্ঠানটি 'দখলে' সহযোগিতা করার পাল্টাপাল্টি অভিযোগ এনে মঙ্গলবার বিকেলে মুখোমুখি অবস্থান নেন মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব ও চেয়ারম্যান সমর্থিত দুই দল মুক্তিযোদ্ধা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2009, 04:01 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি ও বিগত জোট সরকারকে প্রতিষ্ঠানটি 'দখলে' সহযোগিতা করার পাল্টাপাল্টি অভিযোগ এনে মঙ্গলবার বিকেলে মুখোমুখি অবস্থান নেন মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব ও চেয়ারম্যান সমর্থিত দুই দল মুক্তিযোদ্ধা। একপক্ষ দপ্তরের ভেতরে এবং অপরপক্ষ সড়কে অবস্থান নিয়ে সমাবেশ করে। বিকেল পৌনে ৩টা থেকে ৫টা পর্যন্ত মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব মো. সালাহউদ্দিন ও তার সমর্থক মুক্তিযোদ্ধারা কার্যালয়ের কাছে ইস্কাটন সড়ক অবরোধ করে সেখানে সমাবেশ করেন। সমাবেশে বক্তারা অধ্যক্ষ আহাদ চৌধুরীকে দুর্নীতিবাজ উল্লেখ করে তার অপসারণ দাবি করেন। সমাবেশের সময় ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে মহাসচিব মো. সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের একমাত্র দাবি হচ্ছে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কার্যালয় থেকে অবৈধ ও দুর্নীতিবাজদের উচ্ছেদ করা।" তিনি দাবি করেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর অধ্যক্ষ আহাদ চৌধুরী তৎকালীন প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে তাকে বহাল রেখে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী অন্য মুক্তিযোদ্ধাদের সংসদ থেকে বের করে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। অন্যদিকে, একই সময় চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী তার কয়েক শ' সমর্থক নিয়ে দপ্তরের মূল ফটক বন্ধ করে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় নিজেদের নিয়ন্ত্রণ রাখেন। আহাদ চৌধুরী মহাসচিবের ঠিক বিপরীত কথা বলে সাংবাদিকদের বলেন, "যারা রাস্তা অবরোধ করছে তারাই জোট সরকারের সঙ্গে হাতে মিলিয়ে গত সাত বছর লুটপাট চালিয়েছে। আর এখানে আসল মুক্তিযোদ্ধারা আছেন। তারা ভেতরে এলে মুক্তিযোদ্ধারা ক্ষিপ্ত হতে পারেন। অনাকাক্সিক্ষত ঘটনার আশঙ্কায় তাদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।" ২০০১ সালে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমাণ্ড কাউন্সিলের সর্বশেষ নির্বাচন হয়। নির্বাচনে ৪১ সদস্যের ওই কমিটির চেয়ারম্যান ও মহাসচিব নির্বাচিত হন আব্দুল আহাদ চৌধুরী এবং মো. সালাহউদ্দিন। বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর তৎকালীন সরকারের 'অনুগত' বলে পরিচিতরা সংসদ দখলে নেয়। সেসময় নির্বাচিত কমিটি বাদ দিয়ে অ্যাডহক কমিটি দিয়ে সংসদ চালানো হয়। এদিকে, মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের তোলা ৭৪ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেন আহাদ চৌধুরী। মহাসচিবের পক্ষের লোকজন গত জানুয়ারিতে এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ তুলেছিল। আহাদ চৌধুরী দাবি করেন- গত ১৮ বছরে মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্বে থাকাকালে তিনি ১৮ টাকারও দুর্নীতি করেননি। তার বিরোধিতাকারী পক্ষ দীর্ঘদিন ধরে 'অপপ্রচার' চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এসকে/২১৫৮ঘ.