ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাতিরঝিল প্রকল্পের ভেতর অবস্থিত বিজিএমইএ ভবনকে অবৈধ মানতে নারাজ সংগঠনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ।
তার মতে, এ ভবনটি কোনো ব্যক্তিগত সম্পদ বা অবৈধ ভবন নয়। এটি একটি জাতীয় সম্পদ। রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ীই ভবনটি তৈরি করা হয়েছে। যারা এটিকে অবৈধ বা অননুমোদিত বলছেন, তারা হয়তো অনেক কিছুই জানেন না। তাই এ ভবনের ব্যাপারে ভেবে-চিন্তেই সরকার সিদ্ধান্ত নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের সঙ্গে তার কার্যালয়ে মঙ্গলবার এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিএমইএ নেতা একথা জানান।
আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজের নেতৃত্বে বিজিএমইএ'র একটি প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন।
আলোচনা শেষে প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেন, "ওই ভবন নির্মাণে কোনো অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেওয়া হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিজিএমইএ কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী যদি কোনো অনিয়ম না থাকে, তখন সরকারের কিছুই করার থাকবে না। তবে সরকার যেকোনো মূল্যে হাতিরঝিল প্রকল্পের মতো একটি শুভ উদ্যোগ বাস্তবায়ন করবে।"
বৈঠকের কারণ সম্পর্কে বিজিএমইএ সভাপতি বলেন, "বিজিএমইএ'র পক্ষ থেকে সব মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনের অবস্থা সম্পর্কে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবেই তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা হয়। সাক্ষাতে গার্মেন্টস শিল্পের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা করা হয়েছে।"
তিনি জানান, প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে গার্মেন্টস শিল্পের বিভিন্ন সমস্যা, এর সমাধান এবং সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। মন্ত্রী এ ব্যাপারে গার্মেন্টস মালিকদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
হাতিরঝিল প্রকল্পের অন্যতম অন্তরায় বিজিএমইএ ভবন ভাঙ্গার বিষয়ে কোন আলোচনা হয়েছে কিনা, এ প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি পারভেজ বলেন, "এ ভবনের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তবে আমরা বলেছি, এ ভবনটি অবৈধভাবে নির্মাণ করা হয়নি। যথাযথভাবে রাজউকের অনুমোদন নিয়েই এটি নির্মাণ করা হয়েছে। এর যাবতীয় নথিপত্র রয়েছে। এসব পর্যালোচনা করলেই এ সত্যতা বেরিয়ে আসবে।"
আব্দুল মান্নান খান সাংবাদিকদের জানান, "বিজিএমইএ প্রতিনিধি দলের সঙ্গে ভবনের ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা আগে কর্মকর্তা ও বিশেষজ্ঞদের বক্তব্য শুনেছি। এখন বিজিএমইএ'র বক্তব্য শুনলাম। এখন উভয় পক্ষের নথিপত্র পর্যালোচনা করে বিশেষজ্ঞ, আইনজীবী ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/১৭২৪ঘ.
bdnews24