ঢাকা ফেব্র"য়ারী ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরীক্ষার নিয়ম পরিবর্তনের দাবিতে মঙ্গলবার সকালে সাত মসজিদ রোড অবরোধ করে গ্রাফিক্স আর্ট ইন্সটিটিউটের একদল ছাত্র।
সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত মোহাম্মদপুর থানার সামনে তারা রাস্তা আটকে রাখে।
কারিগরি শিক্ষা বোর্ডে বিকাল ৪টায় অনুষ্ঠিতব্য বৈঠকে সমস্যাটি নিয়ে শিক্ষকরা আলোচনার আশ্বাস দিলে তারা রাস্তা ছেড়ে দেয়।
ইন্সটিটিউটের ৫ম সেমিস্টারের ছাত্র মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কিছুদিন আগে বোর্ড নিয়ম করে, কোন সাবজেক্টেরের রেফার্ড পরীক্ষা দিয়েও যারা উত্তীর্ণ হতে পারেনি, তাদের পুনরায় সেই সেমিস্টারে ভর্তি হতে হবে। সাধারণত একবছর পরে রেফার্ড পরীক্ষাটি দিতে হয়। দ্বিতীয়বার দিতে হলে আরো একবছর সময় লাগবে। কিন্তু আমাদের যদি পুনরায় সেই সেমিস্টারে ভর্তি হতে হয়, তাহলে দুইবছর পিছিয়ে যেতে হবে।
তাই তারা এ নিয়ম সংশোধন করে পুনরায় পরীক্ষা দিতে দেয়ার দাবী জানান।
একই সেমিস্টারের রাশেদ বলেন, "এর আগেও আমরা কয়েকবার সমস্যার বিষয়টি শিক্ষকদের জানিয়েছি। কিন্তু তাতে কোন কাজ না হওয়ায় আজ রাস্তায় বিক্ষোভ করছি।"
বিক্ষোভের সময় ছাত্ররা টায়ার ও কাঠ রাস্তার মাঝে জড়ো করে তাতে আগুন লাগিয়ে দেয়। এ সময় তারা এ রাস্তার সব যানবাহন পাশের গলি দিয়ে যেতে বাধ্য করে। ফলে লালমাটিয়া ও আশেপাশের গলি ও সড়কে যানজটের সৃষ্টি হয়। ছাত্ররা কয়েকটি রিক্সা ও গাড়িতে ইটপাটকেল ও লাঠি দিয়ে ভাঙচুর করে।
ইন্সটিটিউটের অফসেট বিভাগের প্রধান প্রশিক্ষক শেখ মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রদের অভিযোগ পাওয়ার পরেই আমরা কয়েকজন ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটে আসি। সেখানে স্থানীয় সাংসদ আসাদুজ্জামান খান কামাল আমাদের অভিযোগ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। বিকাল ৪টায় কারিগরি শিক্ষাবোর্ডে চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমাদের মিটিং রয়েছে। সেখানেই সমস্যাটির সমাধান হয়ে যাবে বলে আশা করছি।"
ছাত্ররা জানিয়েছে, বিকালের মধ্যে তাদের সমস্যার সমাধান না হলে এরপরে বড় কর্মসূচি দেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জিএনএ/১৪৪০ ঘ.
bdnews24