২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদাবরে স্ত্রী-কন্যাকে কুপিয়ে হত্যা

রাজধানীর আদাবরে বস্তিবাসী জিল্লুর রহমান মঙ্গলবার ভোরে তার স্ত্রী গোলাপী বেগম এবং ১১ মাসের কন্যা সন্তান রিতুমনিকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে। স্ত্রী-কন্যাকে হত্যার পর সে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2009, 06:46 AM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আদাবরে বস্তিবাসী জিল্লুর রহমান মঙ্গলবার ভোরে তার স্ত্রী গোলাপী বেগম এবং ১১ মাসের কন্যা সন্তান রিতুমনিকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে। স্ত্রী-কন্যাকে হত্যার পর সে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করে। জিল্লুর রহমান পুলিশকে বলেছে, স্ত্রীকে পরকীয়া প্রেম থেকে ফেরাতে না পারায় সে এই হত্যাকাণ্ড ঘটায়। ভোর ৬টার দিকে বাসায় থাকা চাপাতি এবং চাকু দিয়ে প্রথমে স্ত্রীকে এবং পরে রিতুমনিকে কুপিয়ে হত্যা করার পর দৌঁড়ে র‌্যব-২ এর শিয়া মসজিদ ক্যাম্পে গিয়ে আত্মসমর্পণ করে জিল্লুর রহমান। হত্যার পর র‌্যাব কার্যালয় যাওয়ার সময় তাকে ধরার চেষ্টাকালে ছুরিকাঘাতে আহত হয় বস্তিবাসী মর্জিনা, জামাল, মনসুরা, জাহানারা বেগম, মনির এবং রোকসানা। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জিল্লুর রহমানের আপন মামাত বোন গোলাপী বেগম। ইলেকট্রিক মিস্ত্রি জিল্লুর রহমান অভিযোগ করেছেন, তার স্ত্রীর সঙ্গে এলাকার একাধিক যুবকের পরকীয়া ছিল। এইসব কাজে বাধা দেওয়ার কারণে বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর সম্পর্কে অবনতি ঘটে।" ওসি মাহবুবুর রহমান বলেন, "এই অবস্থার মধ্যে জিল্লুর রহমান মঙ্গলবার ভোররাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে প্রথমে কুপিয়ে এবং পরে জবাই করে মৃত্যু নিশ্চিত করে। হত্যার পর সে ধরা দিলে সন্তান কোথায় থাকবে এজন্য সন্তানকেও সে হত্যা করে। তবে গোলাপির মা অভিযোগ করেছেন, জিল্লুর রহমানও খারাপ চরিত্রের লোক। তার মেয়েকে সে প্রায়ই নির্যাতন করত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এজে/জিএনএ/১২৫২ ঘ.