সিরাজগঞ্জ, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাস্তা বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা গ্রামে সোমবার সকালে দুদল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ১০ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিজয় কৃষ্ণকর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে বাঐতারা গ্রামের নজরুল ইসলামের সঙ্গে তার জমিতে পায়ে চলার রাস্তা বন্ধ করা নিয়ে পার্শ্ববর্তী মোহনপুর গ্রামের জবান আলীর বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়ের লোকজন লাঠিসোঠা ও ইট পাটকেল নিয়ে একে অপরের উপর হামলা চালায়। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।
প্রায় এক ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলাও হয়নি বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৭২৪ ঘ.
bdnews24