২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনীকে দেশ গড়ার কাজ করতে হবে: জেনারেল মইন

অনেক ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। সেনাবাহিনীকে স্বাধীনতা সমুন্নত রাখার এবং দেশ গড়ার কাজ করতে হবে। সোমবার সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এর সদস্যদের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2009, 11:14 AM

Updated : 26 Aug 2022, 11:03 AM

রাজশাহী, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনেক ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। সেনাবাহিনীকে স্বাধীনতা সমুন্নত রাখার এবং দেশ গড়ার কাজ করতে হবে। সোমবার সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এর সদস্যদের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ এ কথা বলেন। তিনি বলেন, "ছবিসহ ভোটার ও জাতীয় পরিচয়পত্র তৈরি এবং নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করে সেনাসদস্যরা দেশে-বিদেশে প্রশংসা কুড়িয়েছে। এছাড়া ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরসহ বিভিন্ন দূর্যোগ মোকাবিলা এবং তাৎক্ষণিক সহযোগিতা দিয়ে তারা প্রশংসিত হয়েছে।" কালারপ্রাপ্ত সেনা সদস্যদের উদ্দেশে জেনারেল মইন বলেন, "রেজিমেন্টাল কালার সেনাবাহিনীর জন্য একটি বিরল সম্মাননা এবং আমানত। আর এ আমানত রক্ষা করা প্রত্যেক সৈনিকের একান্ত কর্তব্য। আশা করি এ সম্মান সমুন্নত রাখতে প্রত্যেক সেনা সদস্যকে সর্বদা প্রস্তুত থাকতে হবে।" অনুষ্ঠানে প্যারেড কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল বদরুল আলম এর নেতৃত্বে রেজিমেন্টের চারটি দল কুচকাওয়াজ এবং সেনাপ্রধানকে অভিবাদন জানান। এছাড়া রেজিমেন্টের পতাকাবাহী দলের প্রধান সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুর রহিমের নেতৃত্বে পতাকা প্রদর্শন করেন। সেনাপ্রধান পতাকাবাহী অফিসার ও জিওসিদের সঙ্গে পরিচিত হন। অনুষ্ঠানে ২৫২ সদস্যকে রেজিমেন্টাল কালার প্রদান করা হয়। সেনাবাহিনীতে আট বছর দায়িত্ব পালন এবং জাতিকে সেবা প্রদানের স্বীকৃতি হিসেবে রেজিমেন্টাল কালার প্রদান করা হয়। ২০০০ সালের ১ জানুয়ারি থেকে রেজিমেন্টাল কালার দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে বগুড়া সেনানিবাসের জিওসি মেজর জেনারেল ফেরদৌস মিয়া, রাজশাহী সেনানিবাসের কমাডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হুসাইনসহ সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সেনাপ্রধান রাজশাহী সেনানিবাসের বীর অডিটরিয়ামে পঞ্চম বার্ষিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৪ ঘ.