ঢাকা, ফেব্র"য়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী সোমবার সকালে ঢাকায় পৌঁছেছেন।
সকাল সাড়ে ১০টায় তিনি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন এবং ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিমানবন্দরে নামার পর প্রথমেই তিনি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
সাংবাদিকদের তিনি বলেন, "আমার আলোচনার মূখ্য বিষয় হল পারস্পরিক বিভিন্ন বিষয়; বিশেষ করে নিরাপত্তা, পারস্পরিক যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র।"
তিনি আরো বলেন, "উভয় দেশের বিনিয়োগকারীদের কাঠামো আরো শক্তিশালী করতে আমরা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করব।"
দুপুর ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রণব মুখার্জীর আনুষ্ঠানিক আলোচনার কথা রয়েছে। এরপর হোটেল শেরাটনে ভারত-বাংলাদেশ বিনিয়োগ, উন্নয়ন ও সংরক্ষণ চুক্তি এবং তিন বছর মেয়াদী দ্বিপক্ষীয় পণ্য পরিবহণ চুক্তি নবায়ন স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।
এছাড়া প্রণব মুখার্জী শেরাটন হোটেলে দেশের দক্ষিণাঞ্চলে সিডর ক্ষতিগ্রস্থ এলাকার পরিবারসমূহের জন্য আশ্রয় কেন্দ্রের মডেল উদ্বোধন করবেন। দুপুরে এক যৌথ সংবাদ সম্মেলনেও বক্তব্য রাখবেন তিনি।
তার আরো কর্মসূচির মধ্যে রয়েছে- বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে নাট্যকলা ও সঙ্গীত বিভাগের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন ও রাতে গুলশানে ভারতীয় হাইকমিশনে ভোজসভায় যোগদান।
বিকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রণব মুখার্জী।
ঢাকায় প্রায় ১১ ঘণ্টা সফর শেষে রাত নয়টার দিকে দিল্লির উদ্দেশ্যে রওনা করবেন তিনি।
গত ৬ জানুয়ারি শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর ভারতের সর্বোচ্চ পর্যায়ের এটিই প্রথম বাংলাদেশ সফর।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব এশিয় বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড এ বাউচার দুই দিন সফর করে রোববার রাতে ঢাকা ছেড়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/আরএএইচ/এফএফ/এজে/জিএনএ/১২২১ ঘ.
bdnews24