ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মাধ্যমিক স্তরের তৃতীয় কিস্তির বাকি বই আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাজারজাত করার জন্য প্রকাশকদের নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং এ সংক্রান্ত টাস্ক ফোর্স।
৭ ফেব্রুয়ারির মধ্যে ৩য় কিস্তির প্রায় ৭৬ লাখ কপি বই বাজারজাত করার কথা থাকলেও ৮ তারিখ পর্যন্ত এর মাত্র ৫০ থেকে ৫৫ ভাগ বই বাজারজাত করা হয়েছে।
রোববার রাতে এনসিটিবিতে অনুষ্ঠিত এনসিটিবি, টাস্কফোর্স ও প্রকাশকদের এক জরুরি সভা থেকে এ নির্দেশ দেওয়া হয়।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মছির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ জরুরি নির্দেশের কথা জানান।
ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় কিস্তির বই সরবরাহে সঙ্কটের কারণ খতিয়ে দেখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গোয়েন্দা সংস্থাকেও বিষয়টি খুঁজে দেখার জন্য বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/ডিডি/এসকে/০০০৯ঘ.
bdnews24