২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন পাবর্ত্য জেলা পরিষদ পুনর্গঠনের চিন্তা-ভাবনা চলছে

পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে তিন পাবর্ত্য জেলা পরিষদ পুনর্গঠনের চিন্তা-ভাবনা করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার রোববার জাতীয় সংসদে এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2009, 04:44 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে তিন পাবর্ত্য জেলা পরিষদ পুনর্গঠনের চিন্তা-ভাবনা করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার রোববার জাতীয় সংসদে এ কথা জানান। খাগড়াছড়ির আওয়ামী লীগ সাংসদ যতীন্দ্রলাল ত্রিপুরার উত্থাপিত একটি মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে প্রতিমন্ত্রী বলেন, "দীর্ঘদিন নির্বাচন না হওয়ার পরিপ্রেক্ষিতে সবগুলো পার্বত্য জেলা পরিষদকে পুনর্গঠন করার প্রয়োজন দেখা দিয়েছে।" যতীন্দ্রলাল ত্রিপুরা বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম এজেন্ডা হলো স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করে তোলা। কিন্তু তিন পার্বত্য জেলা পরিষদে ১৯৯০ সালের পর গত প্রায় ২০ বছর ধরে কোনো নির্বাচন হচ্ছে না। এতদিন নির্বাচন ছাড়া কোনো জনপ্রতিনিধিত্বশীল সংস্থা সঠিকভাবে তাদের কর্মকাণ্ড চালাতে পারে না। তিনি বলেন, বর্তমানে একজন মনোনীত চেয়ারম্যান ও চারজন মনোনীত সদস্য নিয়ে জেলা পরিষদের কর্মকাণ্ড চালানো হচ্ছে। কিন্তু খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান একটি হত্যা মামলায় দণ্ডিত হওয়ায় চারজন সদস্যকে দিয়েই চলছে এই জেলা পরিষদের কর্মকাণ্ড। এ অবস্থায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দ্রুত পুনর্গঠনের দাবি জানান তিনি। জবাবে পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য শান্তি চুক্তির আলোকে ভোটার তালিকা সংশোধন না হওয়া পর্যন্ত তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন করা সম্ভব নয়। তবে পরিবর্তিত পরিস্থিতিতে তিনটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের চিন্তা-ভাবনা চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/টিআর/এসকে/২২৫০ঘ.