২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বস্ত্রখাতের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপের আশ্বাস মন্ত্রীর

দেশের বস্ত্রখাতের স্বার্থ সংরক্ষণে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। রোববার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'ষষ্ঠ ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারি প্রদর্শনী ২০০৯'র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2009, 04:31 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বস্ত্রখাতের স্বার্থ সংরক্ষণে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। রোববার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'ষষ্ঠ ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারি প্রদর্শনী ২০০৯'র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। লতিফ সিদ্দিকী বলেন, "বিশ্ব অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সমস্যা সমাধানে বস্ত্র শিল্পের বিভিন্ন উপবিভাগকে আলোচনার ভিত্তিতে একটি প্রস্তাব দিতে বলেছি। তারা যে প্রস্তাব বা সিদ্ধান্ত দেবে তা সাতদিনের মধ্যে কার্যকর করার ব্যবস্থা আমরা নেব।" গত বৃহস্পতিবার এই প্রস্তাব দেওয়ার কথা ছিল বলে জানিয়ে বস্ত্রমন্ত্রী বলেন, "বস্ত্র শিল্পে বিভিন্ন উপবিভাগ আছে। আমি এক জনকে গলাটিপে হত্যা করে আরেকজনকে পথ করে দিতে পারি না। তাই দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে আলোচনা করে প্রস্তাব দিতে বলেছি।" বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি আব্দুল হাই সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বস্ত্রখাতের বিভিন্ন উপবিভাগের সঙ্গে আলোচনা শেষ হয়েছে। আজ (রোববার) আমরা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাব।" বস্ত্র মেলা সম্পর্কে তিনি বলেন, "এ মেলা থেকে শিল্প-উদ্যেক্তাসহ সংশ্লিষ্ট সবাই উপকৃত হবেন। কারণ বিভিন্ন দেশের উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি মেলায় এসেছে। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে আমাদের কি ধরনের যন্ত্রপাতি বেছে নিতে হবে তার ধারণাও পাওয়া যাবে এখান থেকে।" রোববার শুরু হওয়া এ মেলা চলবে বুধবার পর্যন্ত। দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে। বাংলাদেশ ছাড়াও চীন, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ভারত, পাকিস্তান, ইতালি, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ও তাইওয়ানসহ বিশ্বের ৩০টি দেশ মেলায় অংশ নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এজে/টিআর/২২২০ঘ.