২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বিস্ফোরকসহ চার চরমপন্থী আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা থেকে রোববার বোমা তৈরির বিপুল সরঞ্জামসহ চার চরমপন্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে প্রায় চার কেজি সালফার, বারুদসহ অন্যান্য বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2009, 01:39 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

মেহেরপুর, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা থেকে রোববার বোমা তৈরির বিপুল সরঞ্জামসহ চার চরমপন্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে প্রায় চার কেজি সালফার, বারুদসহ অন্যান্য বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। মেহেরপুর পুলিশ সুপারের নেতৃত্বে গাংনী থানা পুলিশ এ অভিযান চালায়। আটককৃতরা হলেন- আলমড়াঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামের হিল্লাল (২৯), নওদাপাড়া গ্রামের মারুফ (৩১), কুমারীপাড়ার আনারুল (২৬) এবং সাহেবপুর গ্রামের রিঙ্কু (২৮)। মেহেরপুরের বিভিন্ন অঞ্চলে ডাকাতি ও বোমা হামলাসহ বহু সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে তারা। তারা নিজেদের চরমপন্থী দল জনযুদ্ধের নেতা তালিকাভুক্ত সন্ত্রাসী বুদু গ্র"পের সদস্য বলে পরিচয় দিয়েছে বলে পুলিশ জানায়। মেহেরপুর পুলিশ সুপার আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বুদু আটককৃতদের দলনেতা। বুদুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণসহ ১০টি মামলা রয়েছে। পুলিশ সুপার বলেন, "উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্য দিয়ে শুধু বোমা তৈরিই নয়, মানুষকে পুড়িয়ে মারাও সম্ভব।" মেহেরপুরের গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, "এদের সবাইকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।" গত ৫ ফেব্র"য়ারি গাংনীর কসবা গ্রামে ডাকাতি ও বোমা হামলার ঘটনার সূত্র ধরে এদের আটক করা হয় বলেও জানান তিনি। ওই ঘটনায় তিন আনসার সদস্য আহত হয়েছিল। আটকৃতরা পুলিশকে জানিয়েছে, তাদের নেতার সঙ্গে আরেক নেতার দুই লাখ টাকার চুক্তি হয়। এ চুক্তির ভিত্তিতে তারা বোমা তৈরি করে দিতে রাজি হয়। কাজ শেষ হলে তাদেরকে জনপ্রতি এক হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়ার কথা ছিল। পুলিশের উপস্থিতিতে আটককৃতরা সাংবাদিকদের জানায়, উদ্ধার করা বিস্ফোরক দ্রব্য দিয়ে এক হাজার শক্তিশালী বোমা তৈরি করা যেত। বুদু ভারত থেকে এইসব বিস্ফোরক দ্রব্য কিনে এনে তাদের দিয়েছে। তারা আরও জানায়, প্রতিটি বোমা ৮/৯শ টাকায় বিক্রি হয়। বিভিন্ন সন্ত্রাসী দলের সদস্যরা এসব বোমা কিনে নিয়ে যায়। প্রায় দুই বছর আগে দলে যোগ দিয়ে তারা বোমা তৈরির প্রশিক্ষণ নেয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় তাদের তৈরি বোমার 'ব্যাপক চাহিদা' আছে বলেও জানায় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৩৭ ঘ.