২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করতে সাহায্য করতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করতে সাহায্য করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তিশালী করতে যৌথভাবে কাজ করার কথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2009, 08:39 AM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করতে সাহায্য করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তিশালী করতে যৌথভাবে কাজ করার কথা বলা হয়েছে। রোববার আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ৪ সদস্যের প্রতিনিধি দল তার কার্যালয়ে আলোচনার সময় এই প্রস্তাব দেওয়া হয় বলে সাংবাদিকদের জানান আইনমন্ত্রী। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক অপরাধ তদন্ত প্রশিক্ষণ কর্মসূচীর পরিচালক কার ট্রেভিলিয়ন। বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, "র‌্যাব, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তিশালী করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।" তিনি বলেন, "সন্ত্রাসবাদ মোকাবেলায় দুটি দেশ কীভাবে একত্রে কাজ করতে পারে, তার কর্মপন্থা নিয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের কাছে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেছেন।" তিনি আরো বলেন, "আজ (রোববার) প্রাথমিকভাবে কিছু বিষয়ে মতবিনিময় হয়েছে। আগামীতে এ বিষয়ে আরো আলোচনা হবে।" প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ বিষয়ে কোন চুক্তি করার কথা বলা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে আইন মন্ত্রী বলেন, "কোন চুক্তির বিষয়ে আলোচনা হয়নি। আলোচনার বিষয় ছিল মূলত সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবেলা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/জিএনএ/১৪৩৭ ঘ.