ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় সহপাঠি নিহত হওয়ার কারণে শনিবার একঘন্টা ধরে মিরপুর রোড অবরোধ করে রাখেন মিরপুর বাংলা কলেজের ছাত্ররা।
শুক্রবার বেলা সাড়ে এগারোটায় মিরপুর বাংলা কলেজের কাছে টোলারবাগে রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপা পরে মারা যান মোঃ মিঠু নামের এক ছাত্র। তিনি মিরপুর বাংলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
শনিবার সকালে কলেজে এসে মিঠুর মৃত্যুর খবর জানতে পারেন তার সহপাঠিরা। এরপরই তারা কলেজের সামনের রাস্তায় অবস্থান নিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেন। বেলা সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ ছিল।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে স্থানীয় সাংসদ আসলামুল হক ঘটনাস্থলে আসেন। তার কাছে ছাত্ররা কলেজের সামনে দু'টি স্পিড-ব্রেকার স্থাপনের দাবি জানান। এছাড়া নিহত সহপাঠির জন্যে ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানান তারা।
সাংসদ দাবি বিবেচনার আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেন।
পুলিশ কর্মকর্তা জানান, ছাত্রদের অবস্থানের কারণে রাস্তায় একঘন্টার মতো গাড়ি চলাচল বন্ধ ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/টিআর/২২৪৯ঘ.
bdnews24