২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন চাই: শিক্ষামন্ত্রী

শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা না হলে 'ভিশন-২০২১' বাস্তবায়ন ব্যাহত হবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এছাড়া প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থাকে একই সিলেবাস ও কারিকুলামের আওতায় আনার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2009, 01:19 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা না হলে 'ভিশন-২০২১' বাস্তবায়ন ব্যাহত হবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এছাড়া প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থাকে একই সিলেবাস ও কারিকুলামের আওতায় আনার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে শনিবার সম্মিলিত তরুণ পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত 'ভিশন--২০২১ বাস্তবায়নে তরুণ প্রজন্মের ভূমিকা' শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ২০১১ সালের মধ্যে দেশকে নিরক্ষরতামুক্ত ও প্রাথমিক বিদ্যালয়গামী শিশুদের ঝরে পড়ার হার শূন্যের কোঠার নামিয়ে আনারও উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, "যে জাতি ভাষার জন্য জীবন দিয়েছে, সে জাতির ৫০ ভাগ এখনও অক্ষর জ্ঞানের বাইরে রয়ে গেছে। এটা খুবই দুঃখজনক।" শিক্ষামন্ত্রী বলেন, "এজন্য তরুণ প্রজন্মকে স্বেচ্ছাসেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।" মন্ত্রী বলেন, গতানুগতিক ধারা থেকে শিক্ষা ব্যবস্থাকে বের করে আনতে হবে। দূর করতে হবে শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য। জাতিকে বিশ্ব মানের প্রায়োগিক শিক্ষায় শিক্ষিত করেও তুলতে হবে। সেমিনারের প্রধান বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "শুধু কথা আর নীতি পরিবর্তনের স্লোগান দিলেই চলবে না, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের মেধা, মননশীলতা ও চিন্তার জগতে পরিবর্তন আনতে হবে।" তিনি বলেন, "ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে দুর্নীতি। একে কঠোর হাতে দমন ও এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।" পরিষদের প্রধান ব্যারিস্টার জাকির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য দেন যশোরের সাংসদ শেখ আফিল উদ্দিন, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/টিআর/এসকে/১৮৪৭ঘ.