২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বদনাম ঘুচিয়ে চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে কাজ করুন: নৌমন্ত্রী

অতীতের বদনাম ঘুচিয়ে চট্টগ্রাম বন্দরকে আধুনিক বন্দরে রূপান্তরের লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী আফসারুল আমিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2009, 11:29 AM

Updated : 26 Aug 2022, 11:02 AM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- অতীতের বদনাম ঘুচিয়ে চট্টগ্রাম বন্দরকে আধুনিক বন্দরে রূপান্তরের লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী আফসারুল আমিন। তিনি বলেন, "কোন অজুহাত, কারো দোহাই, মন্ত্রী, সাংসদ, সামরিক বা বেসামরিক কোন কর্মকর্তার দোহাই এখন থেকে আর বন্দরের কাজের ক্ষেত্রে খাটবে না। বর্তমান সরকারের আমলে গণতান্ত্রিক ভাবধারা বজায় রেখে নিয়ম অনুযায়ী সব কাজ হবে।" শনিবার সকালে চট্টগ্রাম বন্দর কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বন্দরকে দেশের ১৫ কোটি মানুষের সম্পদ উল্লেখ করে মন্ত্রী দেশের অর্থনৈতিক হৃদপিণ্ড হিসেবে বন্দরকে সচল রাখার আহবান জানান। ভারতকে ট্রানজিট দেওয়ার ব্যাপারে সরকারের অবস্থানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "দু'দেশের সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার ভিত্তিতে চট্টগ্রাম বন্দর ব্যবহারসহ ট্রানজিট দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।" আফসারুল আমিন বলেন, "ভারতের সঙ্গে আগের বাণিজ্য চুক্তি অনুযায়ী চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আনার পর তা ভারত কিংবা অন্য দেশে পরিবহনের সুযোগ রয়েছে। এক্ষেত্রে বিশেষ কোন বাধা নেই।" বাণিজ্য চুক্তি অনুযায়ী চট্টগ্রাম বন্দর ব্যবহার করা যাবে কি না- এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে মন্ত্রী বলেন, "পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে। আমরাও আন্তজার্তিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাই। সে আলোকে প্রতিবেশীদের সঙ্গে নিজেদের সম্পর্ক উন্নয়নে আমরা আশাবাদী।" তিনি বলেন, "ভারতের সঙ্গে এ বাণিজ্য চুক্তি নতুন কোন চুক্তি নয়। ১৯৮০ সালে বিএনপি সরকারের আমলে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের অর্থমন্ত্রী সাইফুর রহমান আবার নবায়ন করেন।" এ চুক্তির আট নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের জলপথ, স্থলপথ ও রেলপথ ব্যবহারে বাধা নেই উল্লেখ করে আফসারুল আমিন বলেন, "১৯৮০ সাল থেকে ২০০৮ পর্যন্ত কোন সরকার এ চুক্তির কোন অংশে একটি শব্দও সংযোজন বা পরিবর্তন করেনি।" ট্রানজিটের জন্য বন্দর কতটুকু প্রস্তুত জানতে চাইলে তিনি বলেন, "বিগত বছরগুলোতে বন্দরের অনেক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। এ উন্নয়ন কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। একদিনে সব প্রস্তুতি শেষ হবে না। পর্যায়ক্রমে অবকাঠামো উন্নয়ন করা হবে।" বন্দর চেয়ারম্যান কমডোর আর ইউ আহমেদের সভাপতিত্বে বন্দরের বোর্ড রুমে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম-১০ (বন্দর-পতেঙ্গা) আসনের সাংসদ এম এ লতিফ, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সোবহান শিকদারসহ বন্দরের উর্ধ্বতন কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৭২৬ ঘ.