ঢাকা ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রোহিঙ্গা উদ্বাস্তু সমস্যাটিকে শুধুমাত্র বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার নয়, বরং একটি আন্তর্জাতিক সমস্যা হিসাবে দেখতে হবে। সমস্যাটি সমাধানে জড়িত দেশগুলো ছাড়াও মানবাধিকার সংস্থা ও জাতিসংঘসহ সকল পক্ষকে একত্রে কাজ করতে হবে।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নীতি গবেষণা কেন্দ্রের আয়োজনে 'রোহিঙ্গা সঙ্কট: দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় পরিপ্রেক্ষিত' শীর্ষক আলোচনা সভায় এ মত দেওয়া হয়।
সভায় বলা হয়, বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে সু-সম্পর্ক রক্ষা ও উন্নয়নের খাতিরে রোহিঙ্গা সমস্যার সমাধান হওয়া দরকার। সরকারের পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যেও এ বিষয়ে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নীতি গবেষণা কেন্দ্রের পরিচালক মাহবুবুল হক রিপন। আলোচনা করেন গবেষক ফরহাদ মজহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইমুল আহসান খান, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ তৌফিক, সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাফাত আহমেদ প্রমুখ।
মাহবুবুল হক রিপন তার বক্তব্যে বলেন, প্রতিবছর ছোট নৌকায় করে সমুদ্র পাড়ি দিয়ে বিভিন্ন দেশে যাওয়ার সময় মায়ানমারের রোহিঙ্গা গোষ্ঠীর বিপুলসংখ্যক মানুষ প্রাণ হারায়। তারা স্বদেশে প্রতিকূল পরিস্থিতির কারণেই অন্য দেশে অভিবাসনের চেষ্টা করে। এছাড়া সংশ্লিষ্ট দেশে যাবার পরে সে দেশের নিরাপত্তা কর্মীদের হাতেও তারা নাজেহাল হন।
বিগ্রেডিয়ার( অব) শাফাত আহমেদ টেকনাফ এলাকার পরিবেশের ওপর রোহিঙ্গাদের উপস্থিতির 'বিরূপ প্রভাবের' কথা উল্লেখ করে বলেন, দীর্ঘদিন ধরে সমস্যাটি ঝুলে থাকায় স্থানীয় অধিবাসীদের সঙ্গে রোহিঙ্গাদের নানারকম সংঘাত হচ্ছে। অপরিকল্পিতভাবে তাদের ক্যাম্প করায় বনভূমি ও পরিবেশের ওপরও তার নেতিবাচক প্রভাব পড়ছে। আরো ক্ষতি হবার আগেই সমস্যাটির একটি কার্যকর সমাধান দরকার।
ফরহাদ মজহার বলেন, প্রতিবেশী দেশগুলো রোহিঙ্গা সমস্যাটিকে একটি ধর্মীয় সমস্যা হিসাবে মূল্যয়ন করায় তারা সেখানকার স্থানীয়দের থেকে বিছিন্ন হয়ে গেছে। কিন্তু এটা একটি মানবাধিকার ইস্যু।
ফরহাদ মজহার বলেন, রোহিঙ্গা সমস্যা সন্ত্রাসবাদ ও অস্ত্র চোরাচালান জাতীয় সমস্যাও সৃষ্টি করছে। অতীতে সরকারগুলো রোহিঙ্গাদের পাহাড়ি জনপদে পুর্নবাসনের নামে সমস্যা আরো বাড়িয়েছে।
সভার আয়োজকরা জানান, শীঘ্রই রোহিঙ্গা উদ্বাস্তু সমস্যার সমাধান খোঁজার লক্ষ্যে এ বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে। যেসব রাষ্ট্র এর সঙ্গে সংশ্লিষ্ট তারা ছাড়াও মানবাধিকার কর্মীরা যোগ দেবেন এ সম্মেলনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/১৫০৫ঘ.
bdnews24