২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচে টানেল নির্মাণ করা হবে

কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। শুক্রবার বিকেলে তৃতীয় কর্ণফুলী সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2009, 05:37 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। শুক্রবার বিকেলে তৃতীয় কর্ণফুলী সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, "কর্ণফুলী নদীর তলা দিয়ে টানেল নির্মাণ করা হবে। এটি সরকারের সিদ্ধান্ত এবং আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার।" নির্মাণাধীন এ সেতুর কাজ শেষ হলে টানেল নির্মাণ প্রক্রিয়া শুরু করা হবে। সেতুর ডানে বা বাঁয়ে উপযুক্ত স্থানে এ টানেল নির্মাণ করা হবে বলে জানান যোগাযোগ মন্ত্রী। "টানেল নির্মাণ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। তাই সরকার এটি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে," বলেন সৈয়দ আবুল হোসেন। চট্টগ্রাম নগরীর সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের জনগোষ্ঠীর যোগাযোগ ব্যবস্থা সুগম করতে আওয়ামী লীগ নবম জতীয় সংসদ নির্বাচনের আগে এ টানেল করার অঙ্গীকার করেছিল। শুক্রবার বিকেলে কর্ণফুলী নদীর শাহ আমানত সেতুর পাশে নির্মাণাধীন তৃতীয় সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। সার্বিক কাজের ৬৫ দশমিক ৫২ শতাংশ সম্পন্ন হয়েছে বলে পরিদর্শন শেষে তিনি জানান। যোগাযোগ মন্ত্রী আরও বলেন, "আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া যাবে।" সেতুর নির্মাণ কাজের অগ্রগতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে সেতুর প্রকল্প কার্যালয়ে যোগাযোগ মন্ত্রীকে তথ্যচিত্রের মাধ্যমে এর নির্মাণকাজের অগ্রগতি দেখানো হয়। প্রকল্প পরিচালক মো. মহিউদ্দিন মন্ত্রীকে জানান- সেতুর মূল চারটি পিলারের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে পিলারগুলোকে সংযুক্ত করার কাজ চলছে। এছাড়া সংযোগ সড়কেরও ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। নানা রাজনৈতিক বির্তকের পর ২০০৬ সালের ১৯ জুলাই কর্ণফুলী নদীর উপর বর্তমান শাহ আমানত সেতুর পাশে ৯৫০ মিটার দৈর্ঘ্য এবং ২৪ দশমিক ৪০ মিটার প্রশস্ত চার লেনবিশিষ্ট এ সেতুর নির্মাণ কাজ শুরু হয়। 'এক্সট্রাডোজড টাইপ' এ সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে সর্বমোট ৫৯০ কোটি টাকা। এর মধ্যে কুয়েত সরকারের 'কুয়েত ফান্ড' ৩৭২ কোটি টাকা এবং বাকি ২১৮ কোটি টাকা সরকারের রাজস্ব খাত থেকে যোগান দেওয়া হবে। সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এ সেতুর মূল অংশের নির্মাণ ঠিকাদার হিসেবে কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/২৩৩৫ ঘ.