ময়মনসিংহ, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তে নিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিঘারকান্দা বাইপাস সড়ক থেকে চারশ' বস্তা ইউরিয়া সারসহ দুটি ট্রাক আটক করেছে পুলিশ।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে সারবোঝাই ট্রাক দুটি আটক করা হয়। এগুলোর মধ্যে ২০ মেট্রিক টন (চারশ বস্তা) ইউরিয়া সার ছিল।
এ ঘটনায় ট্রাকের চালকসহ চার জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
আটককৃতরা হলেন- চালক রুবেল মিয়া ও আমিনুল হক কাজল, হেলপার জমিরুল ও সানোয়ার হোসেন। তাদের বাড়ি ফুলপুর উপজেলায়।
ময়মনসিংহ অঞ্চলের এনএসআই এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঢাকা জেলায় বিতরণের জন্য 'ভাই ভাই কন্সট্রাকশনের' নামে বরাদ্দ দেওয়া সার পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে- এ খবর জানতে পেরে তারা পুলিশকে বিষয়টি জানান। পরে কোতয়ালী থানা পুলিশ এগুলো আটক করতে সক্ষম হয়।
ট্রাক দুটি (ঢাকা মেট্রো-ট-১৪-৩৫২৯ ও টাঙ্গাইল ট-২৮৩) থানায় আনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএ/২১৫৮ঘ.
bdnews24