সিলেট, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহানগরীর লালবাজারে একটি আবাসিক হোটেলে আগুনে পুড়ে দুই বোর্ডারের মৃত্যু হয়েছে।
হোটেল বনগাঁওয়ে বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেটের বালাগঞ্জ উপজেলার উত্তর কালনিচর গ্রামের রেকিম উল্লার ছেলে খলিলুর রহমান (৪০) এবং তার ভাইপো আহাদ মিয়া (৩০)।
হোটেলের ব্যবস্থাপক আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার রাত ১১টায় খলিলুর রহমান ও আহাদ মিয়া হোটেলের ৫ম তলার ১৪০ নম্বর ভিআইপি কক্ষ ভাড়া নেন। সকাল ৬টার দিকে হোটেলের নিচে দায়িত্বরত নৈশপ্রহরী ওই কক্ষের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখে আমাকে জানান।"
ব্যবস্থাপক জানান, খবর পেয়ে দমকলের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ওই কক্ষের ভেতরে খলিল ও আহাদের অগ্নিদগ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়।
আগুনে কক্ষের আসবাবপত্র পোড়া ছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।
সিলেট ফয়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক শাহনাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হোটেল বনগাঁও এর ৫ম তলা থেকে অগ্নিদগ্ধ দু'টি লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.
bdnews24