বান্দরবান, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজপরিবার কর্তৃক সাংবাদিক নির্যাতন ও হয়রানির প্রতিবাদে বান্দরবানে রাজপুণ্যাহ ও মেলার সকল ধরনের সংবাদ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সংবাদকর্মীরা।
বুধবার নেওয়া এ সিদ্ধান্তের কথা জানিয়ে বান্দরবানের ২৫ সাংবাদিকের স্বাক্ষরিত একটি ফ্যাক্স বার্তা দেশের বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়েছে।
আগামী ৫ ফেব্র"য়ারি হতে রাজপুণ্যাহ ও মেলা শুরু হবে।
বান্দরবান জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জানান, জেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা, সংবাদ সংস্থা ও টিভি চ্যানেলের সাংবাদিকরা রাজ একটি প্রভাবশালী মহল কর্তৃক নির্যাতিত হয়ে আসছেন।
গত বছর ২৪ জানুয়ারি রাজপূণ্যাহ মেলার অশ্লীল নৃত্য প্রদর্শনের সচিত্র সংবাদ প্রকাশ করায় স্থানীয় চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে এবং দুই সাংবাদিককে আটক করে অমনিুষিক নির্যাতন চালানো হয়। দীর্ঘ ৩ মাস আইনি লড়াই শেষে সাংবাদিকরা নির্দোষ প্রমাণিত হয়ে বেকসুর খালাস পান।
তিনি বলেন, "সাংবাদিকদের মিথ্যা মামলায় জড়িয়ে জেল খাটানো এবং বিভিন্ন সময়ে রাজপরিবার কর্তৃক হয়রানির প্রতিবাদে বিভিন্ন সংবাদপত্র, সংবাদ সংস্থা ও টিভি চ্যানেলে কর্মরত বান্দরবানের সাংবাদিকরা ৫ ফেব্র"য়ারি হতে শুরু হওয়া রাজপুণ্যাহ ও মেলার সকল প্রকার সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেয়।"
রাজপূণ্যাহর কোনো সংবাদ প্রচার-প্রকাশ থেকে বিরত থাকতে দেশের সকল মিডিয়াকেও অনুরোধ জানিয়েছেন তারা।
বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠানো ফ্যাক্স বার্তায় স্বাক্ষর করেন জেলা প্রেসক্লাব সভাপতি কবির হোসেন সিদ্দিকী, সিনিয়র সহ সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বদরুল ইসলাম মাসুদ, সম্পাদক জয়নাল আবেদীন, ইত্তেফাক প্রতিনিধি মিলন চক্রবর্তী, এনটিভি প্রতিনিধি ফরিদুল আলম, দিগন্ত টেলিভিশন প্রতিনিধি এম এ মালেক, আরটিভি ও আমাদের সময় প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার, চ্যানেল ওয়ান প্রতিনিধি এইচ এম সম্রাট, দেশবাংলা প্রতিনিধি আল ফয়সাল বিকাশ, মাসিক বান্দরবান সম্পাদক মোজাম্মেল হক লিটন, প্রেসক্লাব কোষাধ্যক্ষ মুছা ফারুক, নিউজ টুডে প্রতিনিধি জাকারিয়াসহ ২৫ জন সাংবাদিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫২ ঘ.
bdnews24