বাগেরহাট, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে সোহরাব ব্যাপারী (৩৪) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন বাগেরহাটের একটি আদালত। এছাড়া আরও দশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
অতিরিক্ত দায়রা জজ মো. রেজাউল করিম বুধবার এই রায় দেন।
এছাড়া সোহরাবের ভাই অভিযোগপত্রভুক্ত রুস্তমকে বেকসুর খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি সোহরাব আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০০১ সালের ৬ জুন রাতে বাগেরহাটের কচুয়া উপজেলার চর সোনাকুড় গ্রামের সোহরাব ব্যাপারী তার স্ত্রী লাইলী আক্তারকে (১৯) পিটিয়ে হত্যা করে। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর জন্য লাশ বাড়ির পাশের একটি আমগাছে ঝুলিয়ে রাখে।
পরদিন কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। একই বছর ২৯ ডিসেম্বর সোহরাব ও তার ভাই রুস্তমের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
সোহরাব ও রুস্তম কচুয়া উপজেলার চর সোনাকুড় গ্রামের ইসাহাক ব্যাপারীর ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪১ ঘ.
bdnews24