ঢাকা, ফেব্রয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার জন্য এসএসএফ-এর নিরাপত্তা ব্যবস্থা বহাল রাখার দাবিতে বিএনপিসহ অঙ্গসংগঠনগুলো প্রতিবাদ সমাবেশ করার কর্মসূচি নিয়েছে।
নয়া পল্টনে দলের কেন্ত্রীয় কার্যালয়ে বিএনপির এক সভায় বুধবার এ সিদ্ধান্ত নেয়া হয়।
২১ ফেব্রয়ারি উপলক্ষে দলের দু'দিনের কর্মসূচিও চূড়ান্ত করা হয় এতে।
দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব থেকে এসএসএফ সদস্যদের প্রত্যাহার করে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়।
সভার পর দুপুরে দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ সাংবাদিকদের বলেন, "সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করে নেওয়াই সরকারের একচোখা নীতির প্রমান। খালেদা জিয়ার জন্য বর্তমান পরিস্থিতিতে প্রচলিত ধাঁচের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিপূর্ণ বলেই আমরা এসএসএফ-এর নিরাপত্তা দাবি করে সরকারের কাছে আবেদন জানাই। কিন্তু সরকার তাতে কান দেয়নি।"
তিনি বলেন, "খালেদা জিয়াকে আবারো এসএসএফ-এর নিরাপত্তা প্রদানের দাবিতে মুক্তাঙ্গনে বুধবার বিকালে প্রতিবাদ সভা করা হবে। দলের বিভিন্ন অঙ্গসংগঠনও পৃথক পৃথকভাবে প্রতিবাদ সভা করবে।"
তত্ত্বাবধায়ক সরকার সংসদ নির্বাচন উপলক্ষে খালেদা জিয়ার জন্য তিন মাসের এসএসএফ-এর নিরাপত্তার ব্যবস্থা করে। গত ২ ফ্রেবুয়ারি তিন মাসের এই মেয়াদ শেষ হয়ে যায়।
সভায় ২১ ফ্রেবুয়ারি উপলক্ষে নেওয়া দু'দিনের কর্মসূচির মধ্যে রয়েছে ২০ ফেব্রয়ারি বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা ও পরদিন ভোরে প্রভাত ফেরি করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ।
যৌথসভায় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, সাংগঠনকি সম্পাদক আমানউল্লাহ আমান, মোহাম্মদ শাহজাহান, দুলু প্রমূখ।
এদিকে তৃণমূল পর্যায়ে সংগঠন পূনর্গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, খুলনা বিভাগের মাগুরা, রাজশাহী বিভাগের নাটোর ও সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বিভিন্ন থানার নেতাদের সঙ্গে যুগ্ম মহাসচিব পর্যায়ের কমিটিগুলো বুধবারও আলাদা আলাদাভাবে বৈঠক করেছে।
মঙ্গলবার থানা নেতাদের সঙ্গে এই বৈঠক শুরু হয়।
স্থায়ী কমিটির ১ ফেব্রয়ারির সিদ্ধান্ত অনুযায়ী, যুগ্ম মহাসচিব পর্যায়ের এই ৬টি কমিটি গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/১৫৫২ ঘ.
bdnews24