সুনামগঞ্জ, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের দখল নিয়েছেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরীর অনুসারীরা।
মঙ্গলবার দুপুরের তারা জেলা কমান্ড কাউন্সিল কার্যালয়ে গিয়ে অবস্থান নিলে এতদিন দখলে থাকা বিএনপি সমর্থিতরা কোনো প্রতিবাদ করেননি।
কার্যালয়ে ঢুকে আহাদ সমর্থিতরা সভা করেন। এ সময় বিএনপি সমর্থিতরাও উপস্থিত ছিলেন। সভাশেষে তারা (বিএনপি) চলে যান।
জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আব্দুল আহাদ চৌধুরীর অনুসারীদের কমান্ডার কে. বি. রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জনান, ২০০১ সালে নির্বাচনের পর তাদেরকে কার্যালয় থেকে বের করে দেওয়া হয়। এরপর আর তারা কার্যালয়ে স্থান পাননি।
গত সোমবার অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী কেন্দ্রীয় কমান্ড কার্যালয়ের দায়িত্ব নেওয়ার পর তাদের জেলা সংসদের দখল নিতে বলা হয়েছে বলেও জানান তিনি।
কে. বি. রশিদ বলেন, "আমরা কারো কাছ থেকে দায়িত্ব নেব না। আমরা আমাদের কার্যালয়ে এসেছি। এখান থেকেই কার্যক্রম পরিচালনা করব।"
কার্যালয়ে প্রবেশের পর শামস উল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা ইউনিট কমান্ডের উপদেষ্টা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ, বিএনপি সমর্থিত ইউনিট কমান্ডার নুরুল মোমেন, আহাদ চৌধুরী সমর্থিত কে. বি. রশিদ, আব্দুল হাসিম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সিলেট বিভাগীয় সমন্বয়কারী কাজী জাহান, সুনামগঞ্জ জেলা আহবায়ক কবীরুজ্জামান, আল হেলাল প্রমুখ।
দীর্ঘ কয়েক বছর পর মুক্তিযুদ্ধো সংসদ কার্যালয় হাতছাড়া হওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি বিএনপি সমর্থিত নুরুল মোমেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১০ ঘ.
bdnews24