ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাতির ঝিল প্রকল্প বাস্তবায়নের পথে বিজিএমইএ ভবন অন্তরায় হয়ে দঁড়িয়ে আছে বলে প্রকল্পের বিশেষজ্ঞ জানিয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের তাগিদও দেয়া হয়েছে।
এক বৈঠকে নবনিযুক্ত গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানকে চলমান প্রকল্পটির ব্যাপারে অবহিত করার সময় একথা বলেন প্রকল্পের বিশেষজ্ঞ বুয়েটের শিক্ষক অধ্যাপক ড. মুজিবুর রহমান।
গৃহায়ন ও গণপূর্ত সচিব এএসএম রাশিদুল হাই এবং রাজধানী উন্নয়ন কতৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান শফিকুল ইসলামও ভবনটিকে অননুমোদিত বলে জানান।
অননুমোদিত হলেও হাতির ঝিল প্রকল্পের অন্তরায় ভবনটিকে অপসারণ করা হবে কিনা, এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, "ভবনের কাগজপত্রগুলো যথাযথভাবে পরীক্ষা করে দেখা হবে। এ ব্যাপারে আইনজীবী, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। প্রয়োজনে ভবনের সুবিধাভোগী ও ভুক্তভোগীদের সঙ্গেও আলোচনা করা হবে।"
তিনি বলেন, "শুধু বিজিএমইএ ভবন নয়, নিয়ম বহির্ভূতভাবে যা কিছু হয়েছে, তাই দুর্নীতি। দুর্নীতি বা অনিয়মের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা ও সকলের সঙ্গে আলোচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। প্রয়োজনে প্রতিবন্ধকতা অপসারণে প্রচলিত আইনও সংশোধন করা হবে।"
প্রতিমন্ত্রী প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়ে বলেন, "এ প্রকল্পটি হচ্ছে রাজধানীর মানুষের জীবনযাপনের জন্য অপরিহার্য। এ জন্য নির্ধারিত সময়ের আগে যত তাড়াতাড়ি সম্ভব এর কাজ শেষ করতে হবে।"
বৈঠকে অধ্যাপক মুজিবুর রহমান প্রকল্পের সার্বিক অগ্রগতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ২৪৪ একর জমি নিয়ে প্রকল্পের কাজ শুরু করা হলেও বর্তমানে তা প্রায় ৩০০ একরে উন্নীত করা হয়েছে। পকল্পের কাজ শেষ করতে ব্যয় হবে প্রায় এক হাজার ৪৮১ কোটি টাকা।
সচিব রাশিদুল হাই, রাজউকের চেয়ারম্যান শফিকুল ইসলাম, পূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুল্লাহ আল শাফিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/১৯১৫ ঘ.
bdnews24