ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার শুক্রাবাদে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ এবং স্থানীয় লোকজনের সংঘর্ষ হয়েছে। এতে আহত হন পুলিশসহ ১০ জন।
দুপুর ১ টার দিকে শুক্রাবাদে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে অনিকা এন্টারপ্রাইজ নামের একটি ফটোস্ট্যাট দোকানের মালিকের দাম দেওয়া-নেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। ইউনিভার্সিটির পাশেই দোকানটি অবস্থিত।
ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা বেলাল আহমেদ সাংবাদিকদের জানান, "আশপাশের দোকানগুলোতে দাম কম নিলেও এই দোকানে ফটোস্ট্যাট করার জন্য দাম বেশি নেওয়ায় ছাত্ররা এর প্রতিবাদ করেন।"
তিনি আরও বলেন, "এতে ক্ষিপ্ত হয়ে দোকান মালিক এবং কর্মচারিরা ছাত্রদের গালমন্দ করেন। ফলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় ড. গোলাম মওলা চৌধুরী নামের একজন শিক্ষক এগিয়ে গেলে দোকান মালিক ও কর্মচারিরা তাকে লাঞ্চিত করেন।"
বেলাল আহমেদ বলেন, "পরে ঘটনাটির কথা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিক্ষুদ্ধ হয়ে উঠেন। তারা মিরপুর সড়কে অবস্থান নিয়ে এর প্রতিবাদ জানাতে থাকেন। কেউ কেউ ইটপাটকেল নিক্ষেপ করেন দোকানটি লক্ষ্য করে। এতে অনিকা এন্টারপ্রাইজের কিছু ক্ষতি হয়।
তিনি বলেন, "ইট-পাটকেল নিক্ষেপের ফলে ফটোস্ট্যাটের দোকানটিসহ আশপাশের দোকানদাররা দোকান বন্ধ করে চলে যান।"
ইউনিভার্সিটির ছাত্র গোলাম জিলানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্ররা যখন শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে মিরপুর সড়কে বিক্ষোভ করছিলেন তখন ডেন্টাল কলেজ ছাত্রাবাসের দিক থেকে দোকান মালিক পক্ষের ২০/২৫ জন লোক লাঠি, রড, হকিস্টিক নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। আকস্মিক এই হামলায় চার ছাত্র আহত হন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিরপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করার সময় শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করলে তারা বিক্ষুদ্ধ হয়ে উঠেন এবং বিভিন্ন দিক থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এ সময় উত্তর দিক থেকে আসা বেশ কিছু লোক শিক্ষার্থী এবং পুলিশের ওপর হামলা চালায়।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য ৩/৪ রাউন্ড কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করা হয়। এই অবস্থায় উত্তর দিক থেকে আসা লোকজন ধাওয়া খেয়ে চলে গেলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আসে।
তিনি বলেন, কিন্তু শিক্ষার্থীরা মিরপুর সড়কের এক অংশে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তারা হামলাকারী এবং ফটোস্ট্যাট দোকানের মালিক ও কর্মচারিদের বিচার দাবি করে বিভিন্ন ধরণের শ্লোগান দেন। পরে শিক্ষক এবং উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে বিচারের আশ্বাস দিলে বিকাল ৪ টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এই ঘটনার কারণে দু'দফায় প্রায় আধাঘন্টা করে সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। তবে কোনো গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিআর/১৮৪৪ঘ.
bdnews24