২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ১২ উপজেলার ফলাফল প্রকাশ স্থগিত হচ্ছে

ভোটাভুটির সময় অনিয়মের অভিযোগে আরও ১২টি উপজেলার ফলাফল স্থগিত করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে কমিশন। সোমবার এসব উপজেলার ফলাফলের গেজেট প্রকাশ না করার জন্য প্রাথমিকভাবে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2009, 03:19 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---ভোটাভুটির সময় অনিয়মের অভিযোগে আরও ১২টি উপজেলার ফলাফল স্থগিত করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে কমিশন। সোমবার এসব উপজেলার ফলাফলের গেজেট প্রকাশ না করার জন্য প্রাথমিকভাবে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনের কর্মকর্তারা। উপজেলাগুলো হচ্ছে লক্ষ্মীপুরের রায়পুর, কুমিল্লার দাউদকান্দি, চৌদ্দগ্রাম ও লাঙ্গলকোট, ময়মনসিংহের নান্দাইল, চট্টগ্রামের ফটিকছড়ি, কিশোরগঞ্জের পাকুন্দিয়া, জামালপুরের মাদারগঞ্জ, বরিশালের মুলাদী, গাইবান্ধার সাঘাটা ও সদর এবং হবিগঞ্জের আজমিরীগঞ্জ। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবিষয়ে সোমবার সাংবাদিকদের বলেন, "ইসিতে পাঠানো অভিযোগগুলো খতিয়ে দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে, কিছু উপজেলার গেজেট আপাতত প্রকাশ না করাই ভালো। সেজন্যই আমরা ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট শাখাকে গেজেট প্রকাশ স্থগিতের নির্দেশ দিয়েছি। মঙ্গলবার ইসির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।" তিনি বলেন, "অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। তবে তা গুরুতর না হলে ফলাফল বহাল রাখা হবে।" নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী দু'দফায় ৩২টি জেলার বিভিন্ন উপজেলার নির্বাচিতদের গেজেট প্রকাশের কাজ চলছে। এরই মধ্যে ১২টি উপজেলার ফলাফল গেজেট আকারে প্রকাশের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সোমবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনও বলেন, "নতুন করে আরও কিছু উপজেলার ফলাফল স্থগিত করা হচ্ছে।" কমিশনের কাছে আসা অভিযোগের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়ে তিনি বলেন, "অনিয়মের সঙ্গে কোনো কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারি সচিব মো. আব্দুল বাতেনও নতুন করে কিছু উপজেলার ফলাফল গেজেট আকারে প্রকাশ স্থগিত করার বিষয়টি স্বীকার করেন। এর আগে গত ২৭ জানুয়ারি ৭ টি উপজেলার ফলাফল গেজেট আকারে প্রকাশ স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন কমিশন। এই সাতটি উপজেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, নারায়ণগঞ্জের আড়াইহাজার, কক্সবাজারের টেকনাফ, গাজীপুরের কালীগঞ্জ, বরিশালের মেহেন্দীগঞ্জ, কুমিল্লার মুরাদনগর ও নরসিংদীর রায়পুরা। নির্বাচনের দিন চারটি উপজেলা (ব্রাহ্মণবাড়িয়া সদর, লক্ষ্মীপুরের রামগঞ্জ, কুমিল্লার বরুড়া ও সিরাজগঞ্জের বেলকুচি) এবং নির্বাচনের আগে খাগড়াছড়ির দিঘীনালা এবং কক্সবাজারের উখিয়া উপজেলার নির্বাচন স্থগিত করে ইসি। ইসি কর্মকর্তারা বলেন, নেত্রকোনার আটপাড়া, মুন্সীগঞ্জের গজারিয়া, নীলফামারীর কিশোরগঞ্জ ও সিলেটের জগন্নাথপুর উপজেলার অনিয়মের অভিযোগও ইসি খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গত ২৮ জানুয়ারি বিএনপি ৮টি উপজেলায় পুনরায় ভোট গ্রহণ দাবি করে। দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ বিষয়ে একটি চিঠিও দিয়েছেন। অনিয়মের কারণে যেসব উপজেলায় আবারও ভোটগ্রহণ দাবি করা হয়েছে সেগুলো হচ্ছে বাগেরহাটের মোড়েলগঞ্জ, জামালপুরের সরিষাবাড়ি, জামালপুর সদর, চট্টগ্রামের ফটিকছড়ি, দিনাজপুরের বীরগঞ্জ, বরিশালের বাউফল, মাদারীপুর সদর ও কুমিল্লা সদর উপজেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিআর/২১০৯ ঘ.