ঢাকা, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সত্য ও জবাবদিহিতা কমিশন (ট্রুথ কমিশন) থেকে অনুকম্পা পাওয়া ৪৫২ জনের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার।
বিলুপ্ত ট্রুথ কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমানের কাছ থেকে সোমবার প্রতিবেদন পাওয়ার পর আইনমন্ত্রী শফিক আহমেদ তার কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন।
আইনমন্ত্রী বলেন, "অনুকম্পা পাওয়াদের ব্যাপারে সিদ্ধান্ত আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে। আমি আশা করব, আপিল বিভাগ এ বিষয়ে একটি নির্দেশনা দেবে।"
ট্রুথ কমিশনের মতো নতুন কোনো কমিশন গঠন করা হবে কিনা, এই প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, "নতুন কোনো ট্রুথ কমিশন গঠন করা যে হবে না তা নিশ্চিত। তবে আদালতের মামলাজট কমাতে 'বিকল্প বিরোধ নিস্পত্তি'র মতো আইন করা যায় কিনা সে ব্যাপারে সরকার চিন্তা-ভাবনা করছে। এতে মানুষের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে তারা আদালতে না গিয়ে বরং আদালতের বাইরেই বিরোধ নিস্পত্তি করতে পারবে।"
গত জুনে জারি হওয়া 'স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ ২০০৮' এর আওতায় পাঁচ মাসের জন্য সত্য ও জবাবদিহিতা কমিশন বা ট্রুথ কমিশন গঠন করা হয়। এ অধ্যাদেশ অনুযায়ী, দুর্নীতির দায়ে দুই বছর বা তার বেশি সময়ের জন্য কারাদণ্ডপ্রাপ্তরা ছাড়া যে কেউ কমিশনে এসে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিয়ে অনুকম্পা লাভের সুযোগ পান।
সোমবার আইনমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দিয়ে কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান বলেন, "গত পাঁচ মাসে ট্রুথ কমিশন কি কি বিষয়ে কাজ করেছে, কত টাকা উদ্ধার করেছে এবং কি কি আদেশ দিয়েছে সে সম্পর্কে একটি প্রতিবেদন আইনমন্ত্রীর কাছে হস্তান্তর করেছি।"
সরকারকে কোনো সুপারিশ করেছেন কিনা, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "ভবিষ্যতের জন্য এই ধরনের আইন থাকা উচিত। কারণ অনেক সময় আদালতে মামলাজটের কারণে বিচারপ্রার্থীদের বিচার পেতে দেরি হয়। দ্রুত তাদের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার জন্য এই ধরনের একটি কমিশন থাকতে পারে।"
ট্রুথ কমিশন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি কেন- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, " ট্রুথ কমিশন গঠনে বিলম্ব হয়েছে। দ্রুত নির্বাচন হওয়ার কারণে অনেক মানুষই নির্বাচন নিয়ে আগ্রহী হয়ে উঠেছিলেন। সর্বোপরি কমিশনের সময়সীমা ছিল খুবই কম।"
এ সময় তার সঙ্গে বিলুপ্ত ট্রুথ কমিশনের অন্য দুই কমিশনার আসিফ আলি ও মঞ্জুর রশিদ উপস্থিত ছিলেন।
ট্রুথ কমিশনের কাছে অপরাধ স্বীকার করে ক্ষমা চাওয়ার ব্যাপারে প্রত্যাশা অনুযায়ী সাড়া মেলেনি। বিশেষ করে কোনো বড় রাজনীতিক দুর্নীতির কথা স্বীকার না করায় প্রকাশ্যেই হতাশা ব্যক্ত করেছেন এর চেয়ারম্যান।
ট্রুথ কমিশনের কার্যক্রম ২০০৮ সালের ৩ আগস্ট শুরু হয়। শুনানী শুরু হয় পহেলা সেপ্টেম্বর। আর ৩১ ডিসেম্বর এর বিলোপ ঘটে।
এ সময়ের মধ্যে কমিশনে ৪৫২ ব্যক্তি দোষ স্বীকার করে অনুকম্পা লাভ করেন। তাদের কাছ থেকে কমিশন অবৈধভাবে অর্জিত ৩৪ কোটি টাকাও উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/টিআর/এসকে/১৭৫৪ঘ.
bdnews24