২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রীয় পর্যায়ে ইশারা ভাষা চালু করা হবে: হাসিনা

রাষ্ট্রীয় পর্যায়ে ইশারা ভাষা চালুর করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, "শ্রবণ প্রতিবন্ধীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ইশারা ভাষা চালু করা হবে। শুরুতেই বিটিভির সংবাদ ও অনুষ্ঠানের কিছু অংশে এ ভাষা চালু করা হবে। পর্যায়ক্রমে রাষ্ট্রীয় অন্যান্য গণমাধ্যমে এটি প্রচলন করা হবে। আমি আশা করবো বেসরকারি ইলেকট্রনিক গণমাধ্যমগুলো এ ব্যাপারে এগিয়ে আসবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2009, 10:14 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রীয় পর্যায়ে ইশারা ভাষা চালুর করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, "শ্রবণ প্রতিবন্ধীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ইশারা ভাষা চালু করা হবে। শুরুতেই বিটিভির সংবাদ ও অনুষ্ঠানের কিছু অংশে এ ভাষা চালু করা হবে। পর্যায়ক্রমে রাষ্ট্রীয় অন্যান্য গণমাধ্যমে এটি প্রচলন করা হবে। আমি আশা করবো বেসরকারি ইলেকট্রনিক গণমাধ্যমগুলো এ ব্যাপারে এগিয়ে আসবে।" ভাষা শহীদদের স্মরণে আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধনী ভাষণে রোববার বিকেলে তিনি একথা বলেন। বিকেল চারটার একটু পর একাডেমী প্রাঙ্গনে শেখ হাসিনা এসে পৌঁছলে তাকে স্বাগত জানান একাডেমীর মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদ। পরে একাডেমীর মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদ, ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের প্রধান মহিউদ্দিন আহমেদ, জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন। বিকেল চারটা ৪৩ মিনিটে মেলায় ভারতীয় সাহিত্যিক ও মানবাধিকার কর্মী মহাশ্বেতা দেবী উপস্থিত হলে প্রধানমন্ত্রীর অনুরোধে তাকে মঞ্চে নিয়ে আসা হয়। বর্ষীয়ান এই লেখককে প্রধানমন্ত্রী তার পাশের আসনে বসান। বসেই মহাশ্বেতা দেবী তাকে 'এ ধরনের সম্মান' দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। গত বছরের মেলার তুলনায় এবার স্টল ইউনিট ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, সব কিছুরই সংখ্যা বেড়েছে। এবারের মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ২৯৭টি। গতবার ছিল ২৩৬টি। এবছর স্টলের জন্য ৪৩৬ ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর দেওয়া হয়েছিল ৩৬২ ইউনিট। বাংলা একাডেমীর সামনের রাস্তার দু'পাশে বইমেলার জন্য স্টল বরাদ্দ দেওয়া হয়েছে এবার। তাই মেলার মূল প্রবেশ ফটক তৈরি করা হচ্ছে আণবিক শক্তি কমিশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ভবনের সামনের রাস্তার ওপর। এবারের একুশে বইমেলায় সেমিনারের বিষয়বস্তুও পরিবর্তন করা হয়েছে। শনিবার এক সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদ জানান এবার তারা 'আগামীর দিকে' চোখ রাখতে চান বলে মেলার পাশাপাশি আয়োজিত সেমিনারের নাম দেওয়া হয়েছে 'সম্ভাবনার বাংলাদেশ'। এতে শিল্প সংস্কৃতি ছাড়াও অর্থনীতি, উন্নয়ন, শিক্ষা ও সামাজিক বিষয় নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠিত হবে। গত বছর একুশে বইমেলায় লেখকদের বসার জায়গার দাবিতে আন্দোলন হয়েছিল। এবার নজরুল মঞ্চের পেছনে লেখকদের বসার জন্য লেখককুঞ্জ তৈরি করা হয়েছে। একসঙ্গে ২৫ থেকে ৩০ জন লেখক সেখানে বসতে পারবেন। এবার একুশে বইমেলার 'শিশু প্রহর' ঘোষণা করা হয়েছে ৬, ৭ ও ২৭ ফেব্র"য়ারি বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এ সময় সঙ্গে একজন শিশু থাকলে তাদের অভিভাবকরা প্রবেশ করতে পারবেন। একুশে বইমেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিআর/এএল/এসকে/জিএনএ/১৭৩০ ঘ.