২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮০ হাজার টন গম ও ইউরিয়া কিনছে সরকার

১৬৮ কোটি ৮১ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিক টন গম এবং ৫০ হাজার মেট্রিক টন প্যাকেটজাত ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2009, 02:37 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৬৮ কোটি ৮১ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিক টন গম এবং ৫০ হাজার মেট্রিক টন প্যাকেটজাত ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এছাড়া ২০০৭ সালে সাইক্লোন সিডরে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ'ুটি প্রকল্পের পরামর্শক নিয়োগের প্রস্তাবও অনুমোদন করা হয়। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব নূরুল করিম সাংবাদিকদের বলেন, "খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে ৩০ হাজার মেট্রিক টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি টন গম ২৪১ দশমিক ৯৫ ডলার মূল্যে আমদানি করা হবে। এজন্য মোট ৫২ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার টাকা ব্যয় হবে।" এর মধ্যে ১৮ হাজার মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দর এবং ১২ হাজার মেট্রিক টন গম মংলা বন্দরের মাধ্যমে দেশে আসবে বলেও জানান তিনি। এছাড়া সভায় দুটি চালানে ৫০ হাজার মেট্রিক টন প্যাকেটজাত প্রিল্ড ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়। এর মধ্যে প্রতি টন ৩৩৩ দশমিক ২২ ডলার মূল্যে ৩৭ হাজার ৫০০ মেট্রিক টন এবং প্রতি টন ৩৩৩ দশমিক ৮৫ ডলার মূল্যে ১২ হাজার ৫০০ মেট্রিক টন সার আমদানি করা হবে। এজন্য ব্যয় হবে ১১৫ কোটি ৮৪ লাখ ৮৬ হাজার টাকা। নূরুল করিম জানান, সভায় সিডর দুর্গতদের পুনর্বাসনে নেওয়া ইসিআরআরপি প্রকল্পের আওতায় কৃষি মন্ত্রণালয়ের একটি এবং মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দু'টি প্রকল্প বাস্তবায়নে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থাকে (এফএও) একক পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়। এ প্রকল্পের জন্য ১১০ কোটি টাকা ব্যয় হবে। কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্য মন্ত্রী ফারুক খান, যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ, কৃষি সচিব সি কিউ কে মোস্তাক আহমেদ ও খাদ্য সচিব মোখলেছুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এইচএ/২০১৬ ঘ.