২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুরকে ১০ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ

ঢাকার একটি আদালত মানহানির হামলায় আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, প্রকাশক হাশমত আলী ও প্রতিবেদক এম আব্দুল্লাহকে আগামী ১০ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2009, 03:14 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার একটি আদালত মানহানির হামলায় আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, প্রকাশক হাশমত আলী ও প্রতিবেদক এম আব্দুল্লাহকে আগামী ১০ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার কথিত অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় তাদের বিরুদ্ধে বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন বঙ্গবন্ধু ফাউণ্ডেশনের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মালেক। হাকিম একেএম এমদাদুল হক বাদীর বক্তব্য শুনে আগামী ১০ জানুয়ারি আমার দেশের প্রকাশক হাশমত আলী, ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও প্রতিবেদক এম আব্দুল্লাহকে আদালতে হাজির হতে সমন জারি করেন। আমার দেশ পত্রিকার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, এ নিয়ে একই অভিযোগে আমার দেশের বিরুদ্ধে ২০টি মামলা দায়ের হলো। এদিকে চট্টগ্রামের চাঁদগাঁও থানার শিক্ষা কর্মকর্তা জহির উদ্দিন আহমেদ ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবেশ চন্দ্র সরকারকে আসামী করে একই আদালতে আরেকটি মামনহানি মামলা করেছেন বঙ্গবন্ধু আইনজীবী ফাউন্ডেশনের আহ্বায়ক হোসাইন মো. ইসলাম। চাঁন্দগাঁও থানার চতুর্থ শ্রেণীর পরিবেশ পরিচিতি (বিজ্ঞান) পরীক্ষার প্রশ্নপত্রে বঙ্গবন্ধুকে কটাক্ষ করার অভিযোগে এ মামলা করা হয়। আদালত আগামী ৩১ জানুয়ারির মধ্যে ঢাকার কোতোয়ালি থানার ওসিকে বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২১১০ ঘ.