ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে সচিব পর্যায়ের দুই কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।
বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এ রদবদল করা হয়।
এছাড়া প্রশাসনের আরো কয়েকটি পদে চুক্তিভিত্তিক নিয়োগ এবং প্রেষণে নিয়োগের আদেশও জারি করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রোকেয়া সুলতানাকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে বদলি করা হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব সমর চন্দ্র পাল বুধবারই অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) গেছেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাজিয়া বেগম।
পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন হাবিবুর রহমান। তিনি বর্তমানে ওই পদে চলতি দায়িত্বে নিয়োজিত আছেন।
বৃহস্পতিবার হাবিবুর রহমানের এলপিআর-এ যাওয়ার কথা ছিল। ২০১০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর এ চুক্তিভিত্তিক নিয়োগের ফলে তার এলপিআর বাতিল করা হয়।
সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকা বিনিয়োগ বোর্ডের পরিচালক মামদুদ হোসেন আলমগীরের ওএসডি আদেশ প্রত্যাহার করে তাকে পূর্বপদে ফেরত পাঠানো হয়েছে। এলপিআর-এ যাওয়ার সুবিধার্থে তার এ ওএসডি আদেশ প্রত্যাহার করা হয়।
চট্টগ্রাম মেরিন একাডেমীর কমান্ড্যান্ট (অধিনায়ক) কমোডর মকসুমুল কাদেরকে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসপি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। নৌ-বাহিনীর এই কর্মকর্তা মেরিন একাডেমীতেও প্রেষণে দায়িত্ব পালন করছিলেন।
এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি মেডিকেল অফিসার ডা. আব্দুল ওয়াহাব মিয়াকে সংসদ সচিবালয়ের জুনিয়র কনসালটেন্ট (রেডিওলজি ও ইমেজিং) পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮৩৯ ঘ.
bdnews24