২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগ মোকাবেলায় তৈরি হচ্ছে ৬২ হাজার স্বেচ্ছাসেবক

প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রমের জন্য সারাদেশে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2009, 12:36 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

গোলাম মর্তুজা অন্তু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রমের জন্য সারাদেশে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এদের একটি অংশের প্রশিক্ষণ ইতিমধ্যে শুরু হয়েছে। তাদের ভূমিকম্প ঝুঁকিতে থাকা শহরাঞ্চলে কাজ করতে সক্ষম করে তোলা হচ্ছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি)'র ব্যবস্থাপনায় 'ডেভেলপমেন্ট অফ আরবান ভলান্টিয়ার ফর ফায়ার ফাইটিং, সার্চ অ্যান্ড রেসকিউ, ফার্স্ট এইড সাপোর্ট' প্রকল্পের আওতায় দমকল বাহিনী এসব স্বেচ্ছাসেবকদের নির্বাচন এবং প্রশিক্ষণ দিচ্ছে। প্রকল্পে অর্থায়ন করছে যুক্তরাজ্যের দাতা সংস্থা ডিএফআইডি, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। স্বেচ্ছাসেবক নির্বাচন ও প্রশিক্ষণের দায়িত্বে থাকা দমকল বাহিনীর পরিচালক মেজর এম এ মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মূলত ভূমিকম্প মোকাবেলার জন্য এ প্রশিক্ষণ দেওয়া হলেও অগ্নিকাণ্ড, সাইক্লোন, টর্নেডো ইত্যাদি ক্ষেত্রেও এ স্বেচ্ছাসেবকরা কাজ করতে পারবেন।" আগামী ২০১৪ সাল নাগাদ ছয়টি সিটি কর্পোরেশনসহ শহরাঞ্চলে এ প্রশিক্ষণ প্রক্রিয়া শেষ হবে। পাইলট প্রকল্প হিসেবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ইতিমধ্যে ২০০ জন করে ৬০০ স্বেচ্ছাসেবকের প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রকল্পের সমন্বয়ক ও ইউএনডিপির ভূমিকম্প বিষয়ক পরামর্শক এ এস এম মাকসুদ কামাল বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি বছরের এপ্রিল মাসে স্বেচ্ছাসেবকদের নির্বাচন ও প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে দমকল বাহিনীর সঙ্গে সিডিএমপির একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। দ্বিতীয় পর্যায়ে আগামী জানুয়ারি-ফেব্র"য়ারি ঢাকা ও পাশের চারটি জেলা এবং চট্টগ্রাম, সিলেট, টাঙ্গাইল, ময়মনসিংহ, রংপুর ও বগুড়ায় প্রশিক্ষণের কাজ চলবে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরে প্রতি জেলায় গড়ে ২০০ করে স্বেচ্ছাসেবক তৈরি করা হবে বলে জানান মাকসুদ কামাল। প্রকল্প গ্রহণের বিষয়ে তিনি বলেন, "দেশে যে কোনো দুর্যোগে উদ্ধার তৎপরতা চালায় মূলত দমকল ও সশস্ত্র বাহিনী। দমকল বাহিনীর প্রায় ৬ হাজার লোক রয়েছে। এ দুই বাহিনীর মিলিত প্রচেষ্টার পরও সাভারের ভেঙে পড়া স্পেক্ট্রাম গার্মেন্টসে ধ্বংসস্তূপ সরাতে সময় লেগেছিল ২৪ দিন। আর মহাখালীর ফিনিক্স ভবনের ধ্বংসস্তূপ সরাতে সময় লেগেছিল দু সপ্তাহ। "এ অবস্থায় ঢাকার আশেপাশে মাঝারি মাত্রার মাত্রার ভূমিকম্প হলে যে ক্ষয়ক্ষতি হবে, তাতে ঢাকা শহরে উদ্ধার কাজের লোক খুঁজে পাওয়া যাবে না। এ চিন্তা থেকেই এ প্রকল্প গ্রহণের কথা মাথায় আসে।" ভূমিকম্পে মঙ্গলবারও ঢাকার অনেক অংশ কেঁপে ওঠে। "এ ভূমিকম্পের উৎসস্থল যদি ঢাকার আশেপাশে টাঙ্গাইলের মতো এলাকাতে হতো তবুও ঢাকা শহরের ব্যাপক ক্ষতি হতো", বলেন মাকসুদ কামাল। দমকল বাহিনীর পরিচালক মেজর মতিউর রহমান জানান, প্রশিক্ষণার্থীরা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করবেন। তবে প্রাথমিকভাবে তাদের খাওয়া ও যাতায়াত বাবদ সামান্য কিছু টাকা, বইপত্র ও একটি করে টিশার্ট দেওয়া হচ্ছে। এছাড়া পর্যায়ক্রমে বিভিন্ন বহনযোগ্য যন্ত্রপাতি, পরিচয়পত্রও দেওয়া হবে। উপকূলীয় অঞ্চলে বর্তমানে রেডক্রিসেন্ট সোসাইটির প্রায় ৪২ হাজার স্বেচ্ছাসেবক রয়েছে। বিভিন্ন দুর্যোগ বিশেষ করে সাইক্লোনের সময় উদ্ধার কাজ করতে গিয়ে এ পর্যন্ত ২৫ জন স্বেচ্ছাসেবকের মৃত্যুও হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এফএফ/এমআই/১৭২৫ ঘ.