ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিসহ (এডিপি) বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নে আগামী জানুয়ারির মধ্যেই সব দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
বুধবার নৌ-পরিবহন মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাগুলোর এডিপি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন তিনি।
সভায় জানানো হয়, ২০০৯-১০ অর্থ বছরে মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলো এডিপিভুক্ত ১৫টি এবং নিজ অর্থে পাঁচটি প্রকল্পসহ মোট ২০টি প্রকল্প বাস্তবায়ন করছে।
এডিপির ১৫টি প্রকল্পে ১৫৯ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দ রয়েছে। ২৪৮ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে সংস্থাগুলো নিজ অর্থে পাঁচটি প্রকল্প বাস্তবায়ন করছে।
এছাড়া ২০০৯-১০ অর্থ বছরে মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী পরিকল্পনা কমিশন থেকে ২৯০ কোটি টাকা থোক বরাদ্দ পাওয়া গেছে।
সভায় জানানো হয়, আগামী ৬ জানুয়ারি হতে বুড়িগঙ্গার তলে জমে থাকা পলিথিনের বর্জ্য তোলার কাজ শুরু হবে।
দেশের অভ্যন্তরীণ ও ঢাকার চারদিকের নৌপথ চালু করতে দ্বিতীয় পর্যায়ে নাব্যতা উন্নয়ন, বুড়িগঙ্গা নদী ও নদী তীর দখলমুক্ত রাখতে বন্দর ও অন্যান্য সেবা সুবিধা নির্মাণ, কর্ণফুলীর সদরঘাট থেকে তৃতীয় কর্ণফুলী সেতু পর্যন্ত তীর রক্ষা ও ক্যাপিট্যাল ড্রেজিং, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের পেছনে ৪০০ মিটার ব্যাকআপ সুবিধা নির্মাণ, পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল নির্মাণ এবং মংলা ও স্থল বন্দরের প্রকল্পগুলোর কাজের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়েও সভায় আলোচনা হয়।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রশাসন) মোহাম্মদ আলাউদ্দিন ও বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান আব্দুল মালেক মিয়াসহ সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/এমআই/১৬০০ ঘ.
bdnews24