দিনাজপুর, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের মৃত্যুর দু'দিন পর হত্যা মামলা করা হয়েছে।
প্রথমে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে শোনা গেলেও তার পরিবার হত্যার অভিযোগ করছে।
মোশাররফের স্ত্রী মমতাজ হোসেন মুন্নী বাদী হয়ে সোমবার দিনাজপুর কোতয়ালি থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় মোশাররফের ব্যবসায়িক অংশীদার শহরের উত্তর বালুবাড়ী মহল্লার নাসিম, মধ্য বালুবাড়ী মহল্লার জগন্নাথ রায় জগো, সদরের চেহেলগাজী ইউপি সদস্য রিয়াজুল ইসলাম রিজুসহ আরো ৪/৫জনকে আসামি করা হয়েছে।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক নাসিরউদ্দীন মামলার বরাত দিয়ে জানান, ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ ও সদর উপজেলার মহারাজপুর-শেখপুরা রাস্তা নির্মাণ কাজের টাকা নিয়ে নাসিম ও জগোর সঙ্গে মোশাররফের ৩/৪ দিন ধরে ঝামেলা চলছিল।
তিনি বলেন, গত ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় একটি ফোন পেয়ে মোশাররফ মোটারসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। রাত ৯টার দিকে ফোনে তার স্ত্রী মৃত্যুর খবর পান।
পুলিশ কর্মকর্তা বলেন, নাসিম ও জগোসহ অন্য আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে আসামি নাসিমের বড়ভাই নুরুল ইসলাম নুরু ঠিকাদারের পুকুর পাড়ে নিয়ে নেশাদ্রব্য খাইয়ে হত্যা করে ট্রাকের নিচে ফেলে দেয় অথবা ট্রাকের নিচে দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে।
ঘটনার পর থেকেই নসিম ও জগো পলাতক রয়েছেন।
পুলিশ ওই পুকুর পাড় থেকে মদ্যপানের কিছু আলামত ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে। ঘটনার একদিন পর মোশাররফের মোটরসাইকেলটি নূরুর বালুবাড়ী এলাকার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।
দিনাজপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট আবু কালাম সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনার মূল রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করেছে বলে তদন্তকারী কর্মকর্তা নাসিরউদ্দীন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিড/০১১০ ঘ.
bdnews24