সিলেট, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলেকট্রনিক ভোটগ্রহণ পদ্ধতি শুরু হলে প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, এজন্য নীতিমালা হচ্ছে।
মঙ্গলবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত 'নির্বাচন ব্যবস্থাপনা উন্নয়ন' শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শামসুল হুদা বলেন, "প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে নীতিমালা হচ্ছে। ইলেকট্রনিক ভোটগ্রহণ পদ্ধতি শুরু হলেই তারা ভোট দিতে পারবেন।"
যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে সিলেটের প্রচুর অধিবাসী রয়েছেন।
বিগত সংসদ ও উপজেলা নির্বাচন নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়েছে একথা আবারো দাবি করে সিইসি বলেন, "এরপরও কিছু মানুষ এই দুই নির্বাচন নিয়ে কটুক্তি করেছে। তবে আমাদের মনে রাখতে নির্বাচনে যারা হেরে যায় তারা কিছু না কিছু একটা বলেই।"
বাংলাদেশ নির্বাচন কমিশনের সাপোর্ট টু দি ইলেকটোরাল প্রসেস ইন বাংলাদেশ (এসইপিটি) প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ গোলাম রব্বানী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, সিলেটের জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান, প্রকল্প ব্যবস্থাপক আব্দুল আলিম, সিলেট বিভাগের উপ নির্বাচন কমিশনার খন্দকার মিজানুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/১৯৪৯ঘ.
bdnews24