রাঙামাটি, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটিতে বিডিআর বিদ্রোহের বিচার মঙ্গলবার বিকালে চতুর্থ দিনের মতো শেষ হয়েছে।
৬ জন সাক্ষীর জবানবন্দী নিয়ে বুধবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত আদালত মুলতবী ঘোষণা করা হয়েছে।
বুধবার বাকী ১০ জনের সাক্ষ্য নেওয়া হবে। (আরও তথ্যসহ)
অভিযুক্ত নয় বিডিআর সদস্যকে সকালে আদালতে হাজির করার পরই সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
আসামিরা হলেন- শিব্বির আহমেদ, আবুল কালাম আজাদ, আব্দুর রহমান, সারোয়ার হোসেন, শাখাওয়াত হোসেন, জহির উদ্দিন, সারোয়ার কামাল, শামসুল হক ও রাসেল কবির।
এদের মধ্যে তিনজন হাবিলদার, একজন সিগন্যালম্যান ও পাঁচজন সিপাহী।
সকাল সাড়ে ৯টায় রাঙামাটির বিডিআর সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৪ এ বিচার শুরু হয়।
অভিযুক্ত নয় আসামির মধ্যে পাঁচজনকে রাঙামাটি জেল হাজতে ও বাকী চার আসামিকে বিডিআর কোয়ার্টার গার্ডে রাখা হয়েছে।
বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম আদালতের বিচারকাজ পরিচালনা করছেন।
অন্য দুই বিচারক হলেন- লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রউফ ও মেজর মোস্তফা আল মামুন।
আদালতকে সহায়তা করছেন অ্যাটর্নি জেনারেল মনোনীত প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সোহরাওয়ার্দী।
সরকার পক্ষে মামলাটি পরিচালনা করছেন কৌঁসুলি লংগদু উপজেলার রাজনগর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাবিবুর করিম। তাকে সহায়তা করছেন অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজল।
গত ২৪ নভেম্বর রাঙামাটিতে বিডিআর বিদ্রোহের বিচার শুরু হয়। পরে ২৫ নভেম্বর নয় বিডিআর সদস্যের উপস্থিতিতে শুনানির পর বিচার কার্যক্রম মুলতবি করা হয়।
এক মাস মুলতবি থাকার পর ২৭ ডিসেম্বর বিচার আবার শুরু হয়। ওইদিন নয় জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন শেষে আদালত মুলতবি করা হয়।
ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় রাঙামাটি জেলার পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি ইউনিটে জওয়ানরা বিদ্রোহ করে।
এদের মধ্যে ৩৯ জনের বিরুদ্ধে তিনটি পৃথক বিদ্রোহ মামলা করা হয়। বাকি ৩০ জন জওয়ানকে পর্যায়ক্রমে আদালতে মুখোমুখি করা হবে বলে বিডিআর কর্মকর্তারা জানান।
ঢাকার পিলখানা সদর দপ্তরে ২৫-২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। ওই সময় রাজধানীর বাইরেও কয়েকটি স্থানে বেশ কিছু জওয়ান বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
বিদ্রোহের ঘটনায় রাঙামাটিসহ ছয়টি স্থানে বিশেষ আদালত বসিয়ে বিচার হচ্ছে। এর মধ্যে সাতক্ষীরা ও ফেনীতে বিডিআর আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।
পিলখানায় হত্যা ও লুণ্ঠনের বিচার হবে প্রচলিত আইনে বিশেষ আদালতে।
বিদ্রোহের অভিযোগে সাড়ে তিন হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে এক্ষেত্রে সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমইউএস/জিএনএ/এসকে/১৯৩২ঘ.
bdnews24