২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুর রহমানকে হয়রানি করা যাবে না

মানহানির মামলায় দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে হয়রানি না করতে হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত রাখার জন্য সরকারের করা আবেদনে কোনো আদেশ দেয়নি আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2009, 10:32 AM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--মানহানির মামলায় দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে হয়রানি না করতে হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত রাখার জন্য সরকারের করা আবেদনে কোনো আদেশ দেয়নি আপিল বিভাগ। মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহার আদালতে সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এই আবেদনটি পরিচালনা করেন। মাহমুদুর রহমানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও এ জে মোহাম্মদ আলী। গত ২২ ডিসেম্বর হাইকোর্ট এ মামলায় মাহমুদুর রহমান, পত্রিকাটির প্রকাশক হাসমত আলী, বিশেষ প্রতিনিধি এম আবদুল্লাহকে ৩ জানুয়ারি পর্যন্ত হয়রানি না করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল। এই আদেশ স্থগিত করার জন্য সরকার গত ২৭ ডিসেম্বর হাইকোর্টে আবেদন দায়ের করে। গত ১৭ ডিসেম্বর দৈনিক আমার দেশে জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার কথিত অভিযোগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাডভোকেট আশরাফ হোসেন মাগুরার মূখ্য মহানগর হাকিম আদালতে এ মানহানির মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১৬২৬ ঘ.