কিশোরগঞ্জ. ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবিলম্বে জেলা ঘোষণার দাবিতে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় মঙ্গলবার অর্ধদিবস হরতাল পালন করেছে একটি নাগরিক কমিটি।
সকাল ৬টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত হরতাল চলে।
বাজিতপুর জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ এ হরতালের ডাক দেয়।
হরতালের কারণে উপজেলায় সকাল থেকে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ ছিল। শিক্ষা প্রতিষ্ঠান, দোকান পাট, অফিস আদালত, ব্যাংক-বীমাসহ সব ধরণের প্রতিষ্ঠানও ছিল বন্ধ।
হরতালের সমর্থনে সকালে বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল বের হয়।
এদিকে টানা দুদিন চলার পর কিশোরগঞ্জে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট মঙ্গলবার প্রত্যাহার করা হয়েছে।
ধর্মঘট প্রত্যাহার হওয়ায় সকাল থেকেই শহরের বিভিন্ন বাস টার্মিনাল থেকে বাস-ট্রাক চলাচল শুরু করে।
সোমবার গভীর রাতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে আন্দোলনকারী শ্রমিকদের নেতা বাস চালক কাঞ্চন মিয়া সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, "আন্দোলনে প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। এ মুহুর্তে জনদুর্ভোগের কথা বিবেচনা করে কর্মসূচি স্থগিত করা হয়েছে। আজ (মঙ্গলবার) সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।"
আগামী ৪ জানুয়ারি অনুষ্ঠেয় জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন নির্বাচনের বিরোধিতা করে শ্রমিকদের একটি অংশ রোববার থেকে এ ধর্মঘটের ডাক দেয়।
আন্দোলনকারী শ্রমিকরা সংগঠনের বর্তমান সভাপতি ও শ্রমিক লীগের জেলা সভাপতি সিরাজুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত ও বিচার এবং সুষ্ঠু ভোটার তালিকা করে নতুন নির্বাচনী তফসিলের দাবি করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১৪২২ ঘ..
bdnews24