ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের নিরাপত্তার জন্য সেদেশের কোনো নিরাপত্তা বাহিনীর বাংলাদেশে আসার বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি নাকচ করে দিয়েছেন।
সোমবার র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) কার্যালয় পরিদর্শন এবং উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বিষয়টি উড়িয়ে দেন।
সাহারা খাতুন বলেন, " আমি এটি আপনাদের কাছ থেকে প্রথম শুনলাম। এটা আমার এবং মন্ত্রণালয়ের নলেজে নেই।"
কয়েকটি সংবাদপত্র ও টিভি চ্যানেলে প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকরা মন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন, ভারতীয় হাই কমিশন বা কমিশনারকে নিরাপত্তা দেওয়ার জন্য সে দেশের পুলিশ বা অন্য কোনো নিরাপত্তা বাহিনীর সদস্য এদেশে এসেছে কিনা।
এদিকে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারত সরকার তাদের সরকারি নিরাপত্তা বাহিনী পাঠালে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই তা হবে। এটা হয়নি। তবে সেদেশের বেসরকারি কোনো নিরাপত্তা সংস্থার সদস্য আনলেও আনতে পারে।"
এক প্রশ্নের জবাবে সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রায় একমাস আগে তাদের (ভারতীয় দূতাবাস) এক ধরণের হুমকি দেওয়া হয়েছিল বলে তারা অভিযোগ করেছিল। সে পরিপ্রেক্ষিতে শুধু তাদের নয়, আমাদের দেশের সব এম্ব্যাসিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।"
বিদেশী দূতাবাসের নিরাপত্তায় সংশ্লিষ্ট দেশের কোনো বাহিনীর সদস্য নিয়োগের ব্যাপারে প্রচলিত পদ্ধতি কী তা জানতে চাইলে রাজধানীর কূটনৈতিক এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা একজন উর্ধতন পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দূতাবাসগুলোর নিরাপত্তার অংশ হিসাবে তাদের অঙ্গনের ভেতরে বরাবরই এক ধরণের নিজস্ব ব্যবস্থা থাকে। এটা নতুন কিছু নয়।"
স্বরাষ্ট্রমন্ত্রী র্যাব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় বৈঠকে অংশ নেন।
"র্যাবের উন্নয়ন করতে হবে"
নতুন দুটি ব্যাটালিয়ন চেয়ে র্যাবের প্রস্তাব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন," তাদের এই প্রস্তাব আমি যৌক্তিক মনে করি। কেননা স্বল্প জনবল দিয়ে বড়বড় এলাকা সামাল দেওয়া দুস্কর। রোববার তাদের দেওয়া এই প্রস্তাব আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য ফেরত পাঠানো হয়েছে। অন্য কোনো কারণে নয়।"
জঙ্গী নির্মূল, চাঁদাবাজ দমন, টেন্ডারবাজদের গ্রেপ্তারে র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "স্বল্প জনবল দিয়ে তারা যে কাজ করছে তা প্রশংসার দাবিদার।..র্যাবের উন্নয়ন না করা গেলে আইন-শৃঙ্খলার উন্নয়ন ঘটানো সম্ভব নয়। এজন্য সবার সহযোগিতা দরকার।"
সাহারা বলেন, "এখানে এসে তাদের সমস্যা সম্পর্কে জানা গেলো। এগুলো যত তাড়াতাড়ি সম্ভব সমাধানের চেষ্টা করা হবে।"
র্যাবের জন্য ২টি হেলিকপ্টার এবং ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠার বিষয় সরকারের বিবেচনায় আছে বলে জানান তিনি।
র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার ও অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মিজানুর রহমান খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২২০৮ঘ.
bdnews24