নীলফামারী, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গতি রোধ না করায় ট্রেন উঠে পড়লো মাটির রাস্তায়। শেষমেশ প্রায় আধা কিলোমিটার দূরে এক বসতভিটায় আছড়ে পড়ে এটি।
তবে জেগে থাকায় গভীর রাতের ওই ঘটনার পরও প্রাণে বেঁচে গেছেন দুটি পরিবারের জনা দশেক সদস্য। কোনো ট্রেন যাত্রীও আহত হয়নি।
সোমবার এ ঘটনা ঘটেছে নীলফামারীর চিলাহাটি স্টেশনে। দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ডোমার থানার ওসি আব্দুস সামাদ জানান, পাকশী থেকে ছেড়ে আসা 'ছকিনা' মেইল ট্রেনটি রোববার রাত সাড়ে তিনটায় ডোমারের চিলাহাটি স্টেশনে থামার কথা। তবে চালক গতি হ্রাস না করায় একই গতিতে চলতে থাকে ওই ট্রেনটি। এক পর্যায়ে স্টেশন থেকে প্রায় আধ কিলোমিটার দূরে কাঁচা সড়কে উঠে পড়ে এবং মুহূর্তের মধ্যেই তা চারটি বসতঘরের ওপর আছড়ে পড়ে। এতে ওই বাড়ি চারটি লণ্ডভণ্ড হয়ে যায়।
ঘটনার পরপরই ট্রেনের চালক পালিয়ে যান বলে যাত্রীরা জানিয়েছেন।
এ ছাড়া স্টেশনেও কর্তব্যরত কাউকে পাওয়া যায়নি।
এই রুটে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস (আপ-ডাউন), বরেন্দ্র এক্সপ্রেস (আপ-ডাউন)-সহ আরো কয়েকটি মেইল ট্রেন চলাচল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/১৯৩৮ঘ.
bdnews24