নীলফামারী, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর কিশোরগঞ্জে এলাকাবাসী একটি চিতাবাঘ পিটিয়ে হত্যা করেছে।
এর আগে ওই বাঘটির থাবায় চারজন আহত হয়েছে।
উপজেলার বাহাগিলি বসুনিয়াপাড়ায় সোমবার বিকালে এ ঘটনা ঘটে।
আহত দক্ষিণ বাহাগিলি গ্রামের মাজেদুল হক (২৬), হয়রত আলী (২৫), মজনু মিয়া (২৮) ও পুর্ণিমা রানীকে (৩০) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
চিতাবাঘটির দৈর্ঘ্য প্রায় ছয় ফুট এবং উচ্চতা চার ফুটের মতো বলে জানান বাহাগিলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান।
তিনি সাংবাদিকদের বলেন, বিকাল ৩টার দিকে বাঘটি গ্রামে ঢুকে লোকজনের ওপর হামলা চালালে এলাকাবাসী লাঠিসোটা নিয়ে তাড়া করে। তাড়া খেয়ে গ্রামের বসুনিয়াপাড়ার একটি বাঁশঝাড়ে আশ্রয় নেওয়ার পর বাঘটিকে পিটিয়ে মারে তারা।
কিশোরগঞ্জ থানার ওসি আমিনুল হক বলেন, চিতাবাঘটি কোথা থেকে এসেছে তা জানা যায়নি। লোকজনকে আহত করায় তারা বাঘটিকে পিটিয়ে হত্যা করেছে।
মৃত বাঘটি কী করা হবে এ নিয়ে পশুসম্পদ বিভাগের সঙ্গে কথা বলা হচ্ছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫৬ ঘ.
bdnews24